নেইমারের মতো চোটে পড়ে এখন বারবার খবরের শিরোনাম হচ্ছেন লিওনেল মেসি। মাঠে মেসি দারুণ ছন্দে থাকলেও চোটে পড়ায় সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ মিস করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিয়েছেন তিনি। কবে মেসি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গতকাল ইন্টার মায়ামির অনুশীলনে ছিলেন না মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, শারীরিক অবস্থার ওপর তাঁর অনুশীলনে ফেরা নির্ভর করছে। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের চোটের কারণে পুয়ের্তো রিকোয় ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালে-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে মায়ামি।
সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে গত রাতে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেসি। ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালে-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ স্থগিতের ব্যাপারেও তিনি কথা বলেছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘ইকুয়েডরে সবশেষ ম্যাচে চোট পেয়েছিলাম। সেদিন দ্রুত পাই, যে কারণে দ্রুত মাঠ ছেড়েছি। এ কারণে ক্লাব এই ম্যাচটি মুলতবি রেখেছে। আশা করি এই ম্যাচের সূচি পুনরায় ঠিক করা হবে এবং দ্রুতই দেখা হবে আপনাদের সঙ্গে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে দারুণ কিছু করতে পারব।’
পুয়ের্তো রিকোর বায়ামোনে আগামীকাল হওয়ার কথা ছিল ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালে-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ। তবে মেসির চোটের কারণে এই ম্যাচ প্রায় দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালে-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচ। এই ম্যাচ দিয়ে ২০২৬ এমএলএসের প্রাক মৌসুম শুরু করবে মায়ামি।
প্রাক মৌসুম প্রীতি ফুটবল ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে ৭ ফেব্রুয়ারি ২-২ গোলে ড্র করেছিল ইন্টার মায়ামি। তবে এই বার্সা মেসির সাবেক ক্লাব নয়। বরং ইকুয়েডরের জনপ্রিয় একটি ক্লাব। তাদের বিপক্ষে খেলতেই ইকুয়েডরের কিটোয় গিয়ে একটি গোলও করেছেন মেসি। যা এ বছরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের প্রথম গোল।
কিটোয় বার্সেলোনা এসসির বিপক্ষে পাওয়া চোটে দুশ্চিন্তায় মায়ামি, আর্জেন্টিনা। ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালে-ইন্টার মায়ামি প্রীতি ম্যাচের এক মাস পর আর্জেন্টিনার ম্যাচ রয়েছে। ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত ১টায় ফিনালিসিমার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ মাঠে গড়ানোর কথা। এটাই এ বছরে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ফিনালিসিমার আগে দেড় মাস সময় বাকি থাকলেও এই ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে আশার কথা শোনা গেছে।