হোম > খেলা > ফুটবল

কঠিন গ্রুপে ইংল্যান্ড, এক গ্রুপে ফ্রান্স-ইতালি

ক্রীড়া ডেস্ক    

২০২৬-২৭ নেশনস লিগের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

বেলজিয়ামের রাজধানী শহর ব্রাসেলসে গত রাতে হয়েছে উয়েফা নেশনস লিগের ড্র। সেই ড্রয়ের পর মৃত্যুকূপে পড়েছে ইংল্যান্ড। স্পেন-ক্রোয়েশিয়ার মতো তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলতে হবে ইংলিশদের। ইউরোপের অন্যতম দুই পরাশক্তি ইতালি-ফ্রান্স পড়েছে এক গ্রুপে।

এ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হবে ২০২৬-২৭ উয়েফা নেশনস লিগের গ্রুপপর্ব। গতকাল রাতে ব্রাসেলসে অনুষ্ঠিত ড্রয়ের পর ‘এ-৩’ গ্রুপে পড়েছে স্পেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেকপ্রজাতন্ত্র। ‘এ-১’ গ্রুপে পড়েছে ফুটবল বিশ্বকাপের দুই সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স-ইতালি। এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও তুরস্ক।

৫৪ দলের নেশনস লিগকে ভাগ করা হয়েছে চার লিগে। ‘এ’ থেকে ‘সি’ লিগে রয়েছে ১৬টি করে দল। এই লিগগুলোকে চারটি করে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। আর ‘ডি’ লিগে দুই গ্রুপে খেলবে তিনটি করে দল। যার মধ্যে ‘বি-৩’ গ্রুপটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এই গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, ইসরায়েল, অস্ট্রিয়া, কসোভো। আয়ারল্যান্ড ফুটবল ফেডারেশন গত নভেম্বরে উয়েফার কাছে ইসরায়েলকে উয়েফার আয়োজিত প্রতিযোগিতায় নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল। ইসরায়েলের বিরুদ্ধে দুটি অভিযোগ ছিল আয়ারল্যান্ডের।

ড্রয়ের পর আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) জানিয়েছে, তারা নেশনস লিগে সূচি মেনেই খেলবে। এক বিবৃতিতে এফএআই বলেছে, ‘উয়েফা কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়েছে। উয়েফার নিয়মবালিতে স্পষ্ট করে লেখা রয়েছে যে যদি কোনো ফেডারেশন কোনো ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই সূচি বাতিল করা হবে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে টুর্নামেন্ট থেকে তাদের বাদও দেওয়া হতে পারে।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছে স্পেন। ইংল্যান্ডের অবস্থান চারে। ২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল স্পেন। ক্রোয়েশিয়া ২০১৮ ফুটবল বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল। সেবার তাদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনালেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল ক্রোয়েশিয়ার।

এবারের নেশনস লিগে ‘এ’ লিগের গ্রুপগুলোর শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে। চূড়ান্ত পর্ব মাঠে গড়াবে জুনে। সবশেষ ২০২৪-২৫ মৌসুমের নেশনস লিগে চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। স্পেন-পর্তুগাল মূল ম্যাচ ড্র হয় ২-২ গোলে। পেনাল্টি শুটআউটে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে পর্তুগিজরা।

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগের ড্র

লিগ ‘এ’
গ্রুপ এ-১ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, তুরস্ক
গ্রুপ এ-২ : জার্মানি, নেদারল্যান্ডস, সার্বিয়া, গ্রিস
গ্রুপ এ-৩ : স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র
গ্রুপ এ-৪ : পর্তুগাল, ডেনমার্ক, নরওয়ে, ওয়েলস

লিগ ‘বি’
গ্রুপ বি-১ : স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, স্লোভেনিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ বি-২ : হাঙ্গেরি, ইউক্রেন, জর্জিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড
গ্রুপ বি-৩ : ইসরায়েল, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, কসোভো
গ্রুপ বি-৪ : পোল্যান্ড, বসনিয়া-হার্জেগোভিনা, রোমানিয়া, সুইডেন

লিগ ‘সি’
গ্রুপ সি-১ : আলবেনিয়া, ফিনল্যান্ড, বেলারুশ, সান মারিনো
গ্রুপ সি-২ : মন্টেনেগ্রো, আর্মেনিয়া, সাইপ্রাস, লাটভিয়া/জিব্রাল্টার
গ্রুপ সি-৩ : কাজাখস্তান, স্লোভাকিয়া, ফারো আইল্যান্ডস, মলদোভা
গ্রুপ সি-৪ : আইসল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ/মাল্টা

লিগ ‘ডি’
গ্রুপ ডি-১ : লাটভিয়া/জিব্রাল্টার, লুক্সেমবার্গ/মাল্টা, আন্দোরা
গ্রুপ ডি-২ : লিথুয়ানিয়া, আজারবাইজান, লিচেনস্টেইন

তোমাকে শেষ করে দেব, সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে হরভজন

ভারত-পাকিস্তানকেও বিশ্বকাপে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছরের অপেক্ষা ফুরোল জিম্বাবুয়ের

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপকে যেখানে একবিন্দুতে মিলিয়ে দিল ইতালি

১২ বছর পর বিশ্বকাপে ফিরে এক ম্যাচেই গল্প শেষ জিম্বাবুয়ের তারকা ক্রিকেটারের

ভারত-ম্যাচে আম্পায়ারের সঙ্গে নামিবিয়ার অধিনায়কের কথা-কাটাকাটির কারণ তাহলে এই

মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা