একটি রাজনৈতিক দল দেশের নারীদের অবমাননা ও অপমানিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বিপরীতে নিজেদের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের কাছে, প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারীসমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। যাতে করে তারা নিজের পায়ে নিজেরাই দাঁড়িয়ে যেতে পারে।’
গতকাল সোমবার দুপুরে খুলনার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। পরে তিনি যশোরে জনসভায় বক্তব্য দেন।
খুলনার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে জনসভায় তারেক রহমান বলেন, ‘আজকে বাংলাদেশের মা-বোনদেরকে বলব—যাঁরা আপনাদেরকে এভাবে অপমানিত করে, তাদেরকে আপনারা কীভাবে জবাব দেবেন, আজ সে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ওই রাজনৈতিক দলটি নারীদেরকে সম্মান করতে জানে না। যাদের নেতা বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সঙ্গে তুলনা করেছে। তারা বলে তারা ইসলাম কায়েম করবে। ধর্ম ব্যবসায়ীদের কাছে দেশের নারীরা নিরাপদ নয়, এ দেশের মানুষ নিরাপদ নয়।
অবহেলিত খুলনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তারেক রহমান বলেন, ‘খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ এই বিশাল অঞ্চলে আজ বহু সমস্যা আছে। যেমন এই খুলনা ছিল একসময় শিল্পনগরী। কিন্তু আমরা দেখছি গ্যাসসহ বিভিন্ন কারণে আজ এই শিল্পনগরী প্রায় মৃত নগরীতে পরিণত হয়েছে। আমরা চাই, আগামী ১৩ তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে পরিণত করতে।’
তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘তরুণসমাজের সদস্য যারা আছে, যুবসমাজের সদস্য যারা আছে, বিশেষ করে যারা আইটিতে কাজ করে, তাদের জন্য এখানে গড়তে তুলতে চাই আইটি পার্কসহ আরও বিভিন্ন সুবিধা।
যার মাধ্যমে তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।’
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা—এই তিন জেলায় লাখ-কোটি কৃষক রয়েছে জানিয়ে বিএনপির নেতা বলেন, ‘কিন্তু এই কৃষক ভাইয়েরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে। আমরা সে জন্য কৃষক ভাইদের কাছেও কৃষি কার্ড পৌঁছে দিতে চাই।’ কৃষকদের বিষয়ে তিনি আরও বলেন, ‘যে সব কৃষক ভাইর বর্তমানে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ আছে, সেই ঋণ ইনশা আল্লাহ সুদসহ আমরা মওকুফ করব।’
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘আমরা খেয়াল করছি, একটি মহল বলার চেষ্টা করছে, এবার ভোট গণনায়
অনেক সময় লাগবে। শুনেছেন এ কথা আপনারা? ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে।’ নিজের দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক করে তিনি বলেন, আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে অধিকার আপনারা গত এক যুগ পাননি, আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে জনসভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার একাধিক আসনের বিএনপির প্রার্থীরা বক্তব্য দেন।
যশোরে জনসভায় ভাষণ
খুলনার জনসভা শেষ করে যশোরে পৌঁছান তারেক রহমান। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কি চোখে দেখবেন, তা বলছেন। অথচ গত রাতে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যে দল নারীদের নিয়ে এমন আপত্তিকর কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না।
বিগত সরকারের মতো ‘আমি-ড্যামি-রাতের’ ভোট করে যেভাবে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। এ মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ যদি নিতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে।’
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা সেই উলাশি খালসহ এই অঞ্চলের খাল-বিল পুনঃ খনন করা হবে, জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য।
বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানী দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়বে তাঁর দল।
উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে যশোরের ফুল বিদেশে রপ্তানির উদ্যোগ নেবে, চালু করা হবে এই অঞ্চলের চিনিশিল্পগুলো।
জনসভায় বক্তৃতার মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাঁদেরকে বিজয়ী করার আহ্বান জানান দলের চেয়ারম্যান।
কাল বরিশাল ও ফরিদপুরে তারেকের জনসভা
নির্বাচনী প্রচারে ২০ বছর পর আগামীকাল বুধবার বরিশালে যাচ্ছেন তারেক রহমান। এদিন বরিশালের বেল্স পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গতকাল এ তথ্য জানান। সফরসূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা করবেন তারেক রহমান। দুপুর ১২টায় বরিশালের জনসভায় অংশ নেবেন তিনি। ওই জনসভা শেষ করে বেলা ১টায় হেলিকপ্টারে করেই যাবেন ফরিদপুরে। সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সভা শেষে আবার হেলিকপ্টারে করে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।