হোম > রাজনীতি

তফসিলকে স্বাগত জানাল তৃণমূল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারপারসন শমশের মুবিন চৌধুরী। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল অর্থাৎ ১৫ নভেম্বর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে। তৃণমূল বিএনপির পক্ষ থেকে আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল। আমরা দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছি।’

তৃণমূল বিএনপির চেয়ারপারসন আরও বলেন, ‘আমাদের আশা এবং প্রত্যাশা দ্বাদশ সংসদীয় নির্বাচন শান্তিপূর্ণ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে এই নির্বাচনের জন্য সব প্রার্থী, ভোটারদের এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। আমাদের এটাও দাবি, সকল পর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন যেন তাদের ওপর সাংবিধানিকভাবে প্রদত্ত আইনি ক্ষমতা সম্পূর্ণভাবে এবং অক্ষরে অক্ষরে নিরপেক্ষভাবে পালন করে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ১৮ নভেম্বর থেকে বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ এবং মনোনয়ন চূড়ান্ত করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির নির্বাহী চেয়ারপারসন অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

উত্তরবঙ্গের মানুষ স্বাধীনতার ৫৫ বছরেও ন্যূনতম অধিকার পায়নি: শফিকুর রহমান

মেজরিটির সরকারও শিশুদের রক্ষা না পারাটা চরম লজ্জার: রাষ্ট্র সংস্কার আন্দোলন

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর শোয়াইব, সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন

স্থানীয় সরকার নির্বাচনেও বড় সাফল্য চায় বিএনপি

কুয়েত মৈত্রী হলের ‘স্বাস্থ্য সংকট’ দ্রুত সমাধানের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

ঢাবির ৬ হলে আংশিক কমিটি দিল জাতীয় ছাত্রশক্তি

রাজনীতিতে কিছু নেই, নিজের জীবন গড়ুন—ভিডিও বার্তায় ছাত্রদল নেতা

হামের চিকিৎসায় ঢাকার হাসপাতালগুলোতে হেল্পলাইন চালু এনসিপির হেলথ অ্যালায়েন্সের

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়া গেছেন গোলাম পরওয়ার