সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। আজ রোববার সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
কুষ্টিয়া-১ আসনের রেজা আহাম্মেদ চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতার ভাতা সরবরাহ পর্যায়ে নানা অনিয়মের খবর পাওয়া যায়। অনেকের কাছে টাকা দাবি করা হয়। এটা অবশ্যই একটি দুর্নীতি। আমাদের চেষ্টা থাকবে সরবরাহ কার্যক্রমের বিষয়টি যতটা সম্ভব স্বচ্ছতার মধ্যে নিয়ে আসা।’
ফারজানা শারমীন আরও বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ড নামে বড় একটি প্রকল্প গ্রহণ করেছি। আমরা ক্রমান্বয়ে চেষ্টা করব একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে সমস্ত সুবিধাভোগীকে একটি পরিবারের আওতায় নিয়ে আসার।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে আমরা অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছি। এর থেকে দেশকে যেমন উঠিয়ে দাঁড় করাতে হবে। তেমনি আমরা চাইব সুবিধাভোগীরা যেন উপকৃত হয়। এ জন্য একটি সম্মিলিত কাঠামোর মাধ্যমে সুবিধাভোগীদের একটি সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার।’
নোয়াখালী-২ আসনের জয়নাল আবেদীন ফারুকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যে তালিকাটা আমাদের হাতে রয়েছে, তা আমরা যাচাই করছি। ফ্যাসিস্ট আমলে যে তালিকা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যেসব অনিয়ম হয়েছে, তা বিবেচনায় নিয়ে নীতিমালা সংশোধন করে প্রকৃত সুবিধাভোগীদের নিরাপত্তাবেষ্টনীর আওতায় নিয়ে আসব।’
চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ফারজানা শারমীন বলেন, ‘বিগত সময় তালিকা তৈরিতে অনেক স্বজনপ্রীতি করা হয়েছিল। আমরা চেষ্টা করছি ভাতা পাওয়ার যোগ্য প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার। বিদ্যমান তালিকা যাচাই করে আমরা এটা করব। এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি।’
নড়াইল-২ আসনের আতাউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সকল ধরনের স্বজনপ্রীতি ও বণ্টন পর্যায়ের সব ধরনের অনিয়মের ঊর্ধ্বে উঠে স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাই। বিগত সময়ের না পাওয়ার বেদনাসহ নানা তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। এর থেকে বেরিয়ে উন্নত বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমরা সমতা বজায় রেখে সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করব।’