হোম > রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রিকশা মিছিল

নাজমুল হাসান সাগর, ঢাকা

রাত পোহালেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন নেতা–কর্মীরা। এই নেতা–কর্মীদের অধিকাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে আসা। সন্ধ্যার পর থেকেই স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা।

নেতা–কর্মীদের ভিড়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করতে না পারলেও রিকশা চলাচল করছে। স্লোগানরত বিএনপি নেতা–কর্মীদের এক একটি দল অতিক্রম করার সময় রিকশাচালক ও যাত্রীদেরও স্বপ্রণোদিত হয়ে স্লোগানে গলা মেলাতে দেখা গেছে। 

রাত ৯টার একটু পরে শতাধিক রিকশাচালককে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে চলে যেতে দেখা যায়। এ সময় অনেক নেতা–কর্মী রাস্তা থেকে লাফিয়ে সেসব রিকশায় ওঠেন। রিকশাচালকেরাও তাঁদের স্বাগত জানিয়ে কণ্ঠ মেলান।

ঢাকায় এক বছরের বেশ সময় ধরে রিকশা চালান কুষ্টিয়া সদরের আলোপাড়া এলাকার মো. হেলাল। থাকেন যাত্রাবাড়ীতে। সমাবেশের আগের দিন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের পরিস্থিতি দেখতে এসেছিলেন তিনি। আসার পর নেতা–কর্মীদের উপস্থিতি ও উল্লাস দেখে নিজেও যোগ দেন। স্লোগানরত নেতা–কর্মীদের তাঁর রিকশায় তুলে নিয়ে নিজেও স্লোগান ধরেন। তিনি বলেন, ‘আমার নেত্রীর মুক্তি চাই। এই সরকারের পদত্যাগ চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই সরকার না গেলে সমস্যার সমাধান হবে না। আমি স্বেচ্ছায় এখানে এসেছি এবং আন্দোলনে থাকা এই সব মানুষদের নিয়ে রিকশায় পল্টন এলাকা ঘুরে স্লোগান দিচ্ছি। কারও থেকে কোনো টাকা নেব না।’ 

হেলাল এক সময় স্থানীয় বিএনপির রাজনীতি করতেন। চারটি মামলাও খেয়েছেন। তবে বর্তমানে রাজনীতিতে সক্রিয় নেই বলে জানান তিনি।

বিভিন্ন জেলা থেকে দীর্ঘদিন আগে ঢাকায় আসা আরও বেশ কয়েকজন রিকশাচালক প্রায় একই অভিজ্ঞতা ও দাবির কথা জানিয়েছেন।

তবে সাড়ে ১০টার দিকে স্বতঃস্ফূর্ত এই রিকশার‍্যালি বন্ধ করে দেয় পুলিশ। রিকশাচালক কয়েকজনকে পুলিশ মৃদু লাঠিপেটা করতেও দেখা যায়।

এ বিষয়ে উপস্থিত পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি। তবে দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সড়কের শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই র‍্যালি বন্ধ করে দেওয়া হয়েছে।’

পুলিশের তৎপরতায় উপস্থিত বিএনপি নেতা–কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ১০টা ৪০ মিনিটের দিকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

গণভোটের রায় বাস্তবায়নসহ ৩ দাবি এনসিপির, সংবিধান সংশোধন কমিটি বিলুপ্তির আহ্বান

নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নাটক করছে: রিজভী

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের গভীর শোক

‘দলে জামায়াতের আদর্শের বিস্তার ঘটেছে’ অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির