হোম > রাজনীতি

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানালেন নাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিগত অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদের (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন (সংস্কার) সে সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখতে তাদেরও মাঠে নামতে হবে। ড. ইউনূসকেও আমি রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।’

পবিত্র ওমরাহ পালন শেষে আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ এসব কথা বলেন।

সংস্কারকে কেন্দ্র করে যা হচ্ছে, তা অপ্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, ‘বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা অপ্রত্যাশিত না। এই রাজনীতি ৫ আগস্টের পর থেকে, ঐকমত্য কমিশন থেকেই শুরু হয়েছে। ৫ আগস্টের পর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়।’

নাহিদ ইসলাম জানান, তাঁরা আমূল পরিবর্তন চেয়েছিলেন। আর বিএনপি পুরোনো সবকিছুকে রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘এখন দেখা যাচ্ছে, নির্বাচনের পর বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর আর কিছুকে তোয়াক্কা করছে না। তারা গণভোটের গণরায় বাতিল করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি, গুরুত্বপূর্ণ অধ্যাদেশের ১০-১১টি তারা সংসদে আনছে না। তারা সেগুলোকে আইনে পরিণত করবে না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রয়েছে। এগুলো বাতিল করে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেখানে নির্বাহী বিভাগের নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চাচ্ছে।’

সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কারবিরোধী দল মন্তব্য করে নাহিদ বলেন, ‘গত ১৬ বছর তারা নির্যাতিত-নিপীড়িত হয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। কারণ, তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না মানুষের।’

রাজপথে আন্দোলনের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা সংসদে সমাধান চেয়েছিলাম। সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, তাই রাজপথে অবস্থান নিতে হচ্ছে। আমরা চাই সংবিধান সংস্কার পরিষদ হোক, অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হোক। বিএনপি সরকার বুঝতে পারছে না যে সামনে অর্থনৈতিক মন্দা আসছে। এ অবস্থায় সরকারের ওপর যদি জনগণের আস্থা না থাকে, বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না।’

অন্তর্বর্তী সরকারের সবাইকে অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘যাঁরা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন ড. ইউনূস, আসিফ নজরুলসহ উপদেষ্টাদের দায়িত্ব নিতে হবে। তাঁরা এই অধ্যাদেশগুলো করেছিলেন। এখন যে বাতিল হচ্ছে, এগুলো নিয়ে তাঁদের কথা বলতে হবে। ড. ইউনূসকে মুখ খুলতে হবে। তাঁরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, তাঁরা কোনো কথা বলবেন না, ক্যারিয়ারে ফিরে যাবেন—এটা হবে না। জনগণের কাঠগড়ায় তাঁদের দাঁড়াতে হবে।’

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। ৩০ মার্চ তিনি সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। পবিত্র ওমরাহ পালন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে শনিবার বেলা পৌনে ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সংসদীয় স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি: এনসিপি নেতা সরোয়ার তুষার

তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, প্রশ্ন হাসনাতের

গণসংহতি আন্দোলনের প্রধানের পদ ছাড়লেন জোনায়েদ সাকি, ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী নীলু

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি