হোম > রাজনীতি

পালিয়ে যাওয়া স্বৈরাচার আর দেশে ফিরতে পারবে না: আমান উল্লাহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, একজন বেগম খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আল্লাহ তাঁকে দেশ থেকে বের করে দিয়েছেন। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না।

আজ শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের ঘাটারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের মানুষ তারেক রহমান তথা বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছেন। যত ষড়যন্ত্র ও চক্রান্তই হোক, কোনো কাজ হবে না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আমান উল্লাহ বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশের মানুষ বিএনপির প্রতি যে আস্থা ও প্রত্যাশা রেখেছেন, তা বাস্তবায়নে দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির এ নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছেন। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। র‍্যালিটি ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে মধু সিটি হয়ে কলাতিয়া-আটিবাজার মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও সমাবেশে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।