হোম > রাজনীতি

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ছবি: ফেসবুক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন এলিজা জামান। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁর নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে এ আসনটি শূন্য হয়।

বিএনপির বিজ্ঞপ্তি

বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এলিজা জামান। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক।

এলিজা জামানের পিতা সাবেক সংসদ সদস্য সর্দার সুলতান মাহমুদ।

মনোনয়ন পাওয়ার পর নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংরক্ষিত আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

নারী আসনের উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোট গ্রহণের তারিখ ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে। যদি একাধিক প্রার্থী থাকে, সে ক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয় না।

জাতীয় সংসদের মোট আসন ৩৫০ টি। এর মধ্যে ৩০০ আসনের সদস্য নির্বাচিত হন নির্বাচনী এলাকার ভোটারদের সরাসরি ভোটে; আর ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। জাতীয় নির্বাচনে কোনো দল বা জোটের প্রাপ্ত আসনের অনুপাতে এই ৫০ আসন দল বা জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়। এই বণ্টনপদ্ধতি আইনে সুনির্দিষ্ট করে দেওয়া আছে।

চলতি ত্রয়োদশ সংসদে বিএনপি ৩৬টি নারী আসন পেয়েছিল। এর একটিতে মনোনীত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁর নাম আসে। দলীয় প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।

এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি: রিজভী

‘বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের ক্ষমতায় গেলে কী করবেন?’

সরকার ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে: নাহিদ ইসলাম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, সেনা মোতায়েন চায় জামায়াত

সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

ডা. মাহমুদা মিতুর নেতৃত্বে জাতীয় নারীশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা

এই জাতীয় সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে: নাহিদ ইসলাম

‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিচালনার ব্যর্থতায় দেশে ডাকাতি-ছিনতাই-হত্যাকাণ্ড বেড়েছে’

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়: এ টি এম আজহার