বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘৫ তারিখের পর জামায়াত ঘোষণা দিল প্রতিশোধ নেবে না। আমরা ৮টি মামলা করেছি। আর কেউ কেউ মামলা করেছে ৮০০ থেকে ৯০০টি। ওই মামলায় আসামি করা মানুষগুলোর কাছ থেকে খাজনা তুলেছে একটি দল। আমরা থাকলাম এদিকে পড়ে আর একদল রয়ে গেল নিজেদের কিসমত গড়তে। জামায়াত দেশ পরিচালনা করতে পারলে কাউকে আর চাঁদাবাজি করতে দেবে না। আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব। রাগব বোয়ালদেরও ছাড় দেব না।’
শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বরিশালের মেঘনাঘেরা মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকাল ১০টায় হেলিকপ্টারে মেহেন্দীগঞ্জে পৌঁছান।
জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমির এবং বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার।
জামায়াতের আমির ডা. শফিকুর বলেন, ‘আমরা একটা মানুষও চাঁদাবাজি করিনি, স্ট্যান্ড দখল করিনি। আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছে। গত সাড়ে ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। জামায়াত সুযোগ পেলে সেই টাকা ফেরত এনে দেশের উন্নয়ন করবে। যারা নিজেরাই লুণ্ঠন, পাচারে জড়িত, তারা ওই টাকা আনতে পারবে না। আমরা নতুন কোনো চোর এ দেশে জন্ম নিতে দেব না।’
শফিকুর বলেন আরও বলেন, ‘নির্বাচনে এসে কেউ কেউ বলে, ওমুক দলের নারী কর্মী এলে কাপড় খুলে ফেলব। তারা মা-বোনদের ইজ্জত লুটেছে। ধরা খেয়ে এখন আমার বিরুদ্ধে লেগেছে। তারা মিসাইল ছুড়ছে। আমরা কাউকে বেকার ভাতা দেব না। তরুণ-তরুণীদের হাতে কাজ তুলে দেব। মায়েদের ইজ্জতের মর্যাদা নিশ্চিত করব।’
জামায়াতের আমির বলেন, ‘যারা নিজেদের দল শামলাতে পারে না, তারা কি দেশ সামলাতে পারবে? আমাদের একবার সুযোগ দিন। আমরা জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। কোনো পরিবারের শাসন চাই না।’
পরে তিনি বরিশালের ছয়টি আসনের মধ্যে পাঁচটির জোট প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
জনসভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘১২ তারিখ বিপ্লব হবে ইনশা আল্লাহ। মানুষ সন্ত্রাসের দেশ চায় না। যে কারণে একটি দলের ভয় ধরে গেছে। তারা শেখ হাসিনার মতো কথা বলতে চায়। তাই একটি বড় দলের নেতা সর্বত্র হাস্যকর কথা বলে।
জামায়াতে ইসলামীর বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার বলেন, ‘আমরা চাঁদাবাজ, সন্ত্রাস চাই না। মেহেন্দীগঞ্জের মানুষ কষ্টে আছে। আমরা মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে চাই। নদীভাঙন থেকে রক্ষা চাই।’
জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান, বরিশাল-১ আসনের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান প্রমুখ।
সমাবেশে বিভিন্ন স্থান থেকে বিপুল নেতা-কর্মী সমবেত হন। বেলা ১১টার দিকে জামায়াত আমির হেলিকপ্টারযোগে পটুয়াখালীর বাউফলের উদ্দেশে রওনা করেন।