হোম > রাজনীতি

ভোটের রাজনীতি: বড় দলে বিলীন ছোটরা

তানিম আহমেদ, ঢাকা 

নির্বাচন কমিশনের ভোটের হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনীতির নানান হিসাবনিকাশ। আসন ছাড়ের নিশ্চয়তা ও জয়ের সম্ভাবনা বাড়াতে কেউ কেউ দল বিলুপ্ত করে, আবার কেউ দলের শীর্ষ পদ ছেড়ে যোগ দিচ্ছেন বড় দলে।

রাজনীতিবিদদের এমন আচরণকে ক্ষমতার দৌড়ে টিকে থাকার অভিনব পন্থা বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে যোগ দেওয়া নেতারা বলছেন, আদর্শগত মিল ও ভোটের কৌশল বিবেচনায় বড় দলের প্রতীকে নির্বাচন করার জন্যই যোগ দিচ্ছেন তাঁরা।

দেশে ভোটের রাজনীতিতে দলবদল নতুন নয়। নানান সমীকরণে বড় দলগুলো আসন ছাড় দিলেও মাঠপর্যায়ের সাংগঠনিক দুর্বলতা, সীমিত ভোটব্যাংকের কারণে তাঁরা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে পড়েন। অন্যদিকে আগামী সংসদ নির্বাচনের পরে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠন করা হবে। সে কারণে বড় দলগুলোও আসন ছাড়তে নানান হিসাব কষছে। এ পরিস্থিতিতে বড় দলের ছায়াতলে গিয়ে নির্বাচনী সমীকরণে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল বেছে নিচ্ছেন ছোট দলের নেতারা। কিন্তু এটা করতে গিয়ে বিলীন হচ্ছে তাঁদের নিজেদের দলগুলোই।

সম্প্রতি তিনটি অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁরা হলেন, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

আর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সর্বশেষ গতকাল শনিবার বিএনপিতে যোগ দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

দল বিলুপ্ত করে অন্য দলে যোগদানকে ‘অভিনব’ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তো অভিনব। তোরা যে যা বলিস ভাই, আমাদের এমপি হওয়া চাই। যেকোনো মূল্যে, যেকোনো শর্তে। কারণ এমপি হওয়ার সঙ্গে মধু যুক্ত আছে। ক্ষমতার সঙ্গে জাদুর কাঠি যুক্ত।’

যদিও কৌশলগত কারণেই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন ববি হাজ্জাজ। আজকের পত্রিকাকে তিনি জানান, দুটো কারণে জোটের শরিকেরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ববি হাজ্জাজ বলেন, ‘নতুন বা ছোট দলের জন্য নিজস্ব প্রতীক পরিচিত করার সময় কম থাকায় ধানের শীষে নির্বাচন করলে জয়ের সম্ভাবনা বাড়ে।

পাশাপাশি নির্বাচনের পর পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ ভোটের শর্ত থাকায় এক বা দুই আসনে নির্বাচন করা দলগুলোর সেই সুযোগ পাওয়া কঠিন।’

ভোটের রাজনীতিতে এত দিন বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিত জোটের ছোট দলের প্রার্থীরা। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী, অন্য দলের সঙ্গে জোট করলেও নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে প্রার্থীকে।

পুরোনো সুযোগ বহাল রাখার জন্য ইসিতে চিঠি দিয়েছিল বিএনপিসহ তাদের শরিকেরা। কিন্তু কাজ হয়নি। অনড় থাকে ইসি। ফলে ছাড় দেওয়া আসনে ধানের শীষ না থাকলে বিরোধীদের বিজয়ের সম্ভাবনা থাকায় শরিকদের আসন ছাড়ে অনমনীয় হয় বিএনপি। এ কারণে আসন ছাড়ের নিশ্চয়তার জন্যই বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন ছোট দলের নেতারা।

কিন্তু এভাবে নিজের দল বিলুপ্ত করে বড় দলে যোগ দেওয়াকে নিন্দনীয় বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান। তিনি আজকের পত্রিকাকে বলেন, জনগণের কাছে তাঁদের যে একটা অঙ্গীকার ছিল, মতাদর্শ ছিল, সেগুলোকে উপেক্ষা করে তাঁরা এমনটা করছেন। তাঁদের সাংগঠনিক দৃঢ়তার অভাবে এমনটা হতে পারে। আবার একধরনের জনবিচ্ছিন্ন হয়ে গেছেন বলেই এ ধরনের পদক্ষেপ নিচ্ছেন। জনগণ এসব উদ্যোগ পছন্দ করবে না।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সৈয়দ সিরাজুল হুদা জাতীয় দল গঠন করেছিলেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনও করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পরে দলের চেয়ারম্যান হয়েছিলেন ছেলে সৈয়দ এহসানুল হুদা। তিনি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রদলের রাজনীতি করতেন। এহসানুল হুদা বলেন, ‘আমার রাজনীতি শুরু বিএনপি থেকে। এখন ঘরের ছেলে ঘরেই ফিরে এলাম। মাঝখানে কিছুটা দিন আমি বাবার দলটা করেছি।’

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের দাবি, নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই দল বিলুপ্ত করে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নেতা-কর্মীরা বলছেন, আমি বিএনপিতে যোগ দিলে তাঁরাও যোগ দেবেন। সবাই আগ্রহ প্রকাশ করায়, আর দলে বিকল্প নেতৃত্ব না থাকায় বিলুপ্ত করেছি।’

জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ঘটনায় অবাক হওয়ার মতো কিছু দেখি না। আমাদের রাজনীতিতে রাজনৈতিক দর্শন বা মতাদর্শ কখনো কাগুজে ফাঁকা বুলির ঊর্ধ্বে উঠতে পারেনি।’

সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকদের ছয়টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুটি এবং জাতীয় পার্টি (জেপি) একটি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেছিল। কিন্তু সেখানে নৌকা প্রতীকে নির্বাচন করেও হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ফজলে হোসেন বাদশা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন। নৌকা নিয়ে রাশেদ খান মেনন ও জাসদের রেজাউল করিম তানসেন বিজয়ী হয়েছিলেন। বাকিটাতেও নৌকা নিয়ে হেরেছিলেন জাসদের প্রার্থী। গত চারটি জাতীয় সংসদে দলগুলোর প্রতিনিধি থাকলেও সাংগঠনিকভাবে শক্তি অর্জন করতে পারেনি।

২৫০ বাসের রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতাকে বহিষ্কার

সাংবাদিকদের কণ্ঠের পাহারাদারি করার নিশ্চয়তা দিচ্ছি: জামায়াত আমির

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: সিপিবি

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে রোববার

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

‘মধ্যপন্থী থেকে মধ্য-ডানপন্থী’ নতুন দলের আত্মপ্রকাশ

ফের সিটিস্ক্যান করা হচ্ছে মির্জা আব্বাসের

আগামীকাল জুলাই সনদ বাস্তবায়নের অধিবেশন না ডাকলে রাজপথে যাবে ১১ দল

মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার