ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চার প্রার্থীর বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর দলের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি পৃথক পোস্টে চারজন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়৷
এই প্রার্থীরা হলেন দলের আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব ও রংপুর ৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী ৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ।
আরও বেশ কিছু আসনে এনসিপির নেতারা এগিয়ে রয়েছেন বলে দাবি করেছে তাঁরা।
চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত এনসিপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে থাকার নির্দেশনা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপির চেষ্টার অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।