নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে বেশ কিছু আসনে ভোট গণনা ও ফল ঘোষণায় বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন বলেছেন, ‘আজকেও (বৃহস্পতিবার) দেশজুড়ে কারচুপি, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য একধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে।’
এই অভিযোগের পক্ষে যুক্তি দিয়ে মাহদী আমিন বলেন, ‘এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আমাদের হাতে রয়েছে। যদি উদাহরণ দিই, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনের ভোট গণনা এবং ফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হচ্ছে।’
মাহদী আমিন অভিযোগ করেন, ‘বিএনপি এবং ধানের শীষের অপ্রতিরোধ্য যে বিজয়, এই ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং আচরণবিধি লঙ্ঘন করেছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো নির্দিষ্ট কিছু আসনে পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে। একই সঙ্গে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত ভোটারদের অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে।’
সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর দুটি নির্বাচনী আসনে (ঢাকা-১৭ ও বগুড়া-৬) ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।’
মাহদী আমিন বলেন, ‘গতকাল বুধবার রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখলসহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুলসংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এ রকম আছেন, বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশা আল্লাহ দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে জয়লাভ করবে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসাব ও আসনভিত্তিক বিস্তারিত তথ্যের ভিত্তিতে এই বিজয় নিয়ে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী।’
গুলশানের দলের নির্বাচন পরিচালনা কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।