ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদকে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি হামিদুর রহমানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী এএইচএম রেজওয়ানুল সাঈদ রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, মোহাম্মদ আলী ও এইচ এম সানজিদ সিদ্দিকী।
আদেশের বিষয়ে সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ রয়েছে।
বিষয়টি অনুসন্ধানের জন্য দুদক ও বিএফআইইউ–তে আবেদন করা হয়েছিল। কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়।