প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনা সদস্যের পরিবারের সদস্যরা।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং এই দুর্ঘটনার বিয়োগান্ত ঘটনায় তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।’ পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন এক সেনা কর্মকর্তা, যিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার প্রধানমন্ত্রী সিএমএইচে তাঁকে দেখতে গিয়েছিলেন।
উপ প্রেস সচিব জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে নিহত সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।