জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়া পৌঁছেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। উত্তর আফ্রিকার দেশটির সঙ্গে ঢাকার কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক মহাপরিচালক আবদেল মালেক বুহেদ্দু।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সরকারি সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলজেরিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের বেশ কয়েকজন নীতি নির্ধারকের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
তালিকার মধ্যে রয়েছেন আলজেরিয়ার হাইড্রোকার্বন (জ্বালানি), পররাষ্ট্র, কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীরা।
বৈঠকগুলোতে মূলত জ্বালানি আমদানি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং কৃষি ও মৎস্য খাতে যৌথ সহযোগিতার মতো ক্ষেত্রগুলো প্রাধান্য পাবে। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়াই এই আলোচনার প্রধান উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ও আলজেরিয়ার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুসংহত করতে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।