পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদী ভাঙন রোধ এবং পদ্মা সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।
মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আজ সোমবার রিটের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আইন লঙ্ঘন করে বালু উত্তোলনের ঘটনার তদন্ত, দায়ী ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও পরিবেশ রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। গোলাম রহমান ভূঁইয়া বলেন, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।