বিমানের টিকিট কাটা আর ব্যাগ গোছানো শেষ হলেও ভ্রমণের আগে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি থেকে যায়। শেষ মুহূর্তের এই প্রস্তুতিগুলো যাত্রা ঝুঁকিমুক্ত রাখতে সাহায্য করে।
- নথিপত্র যাচাই ও ছবি রাখা: ভ্রমণের আগেই পাসপোর্ট মেয়াদের সময়সীমা (অন্তত ছয় মাস), খালি পাতা ও ভিসার শর্তাবলি পরীক্ষা করুন। সুরক্ষিত ড্রাইভ কিংবা অ্যাপে পাসপোর্ট, ক্রেডিট কার্ড ও ভিসার ডিজিটাল কপি সংরক্ষণ করুন।
- বুকিং রিভিশন ও ব্যাগেজ নীতি: টিকিটের সময়সূচি পরিবর্তিত হয়েছে কি না বা নতুন কোনো অফার আছে কি না, নিয়মিত পরীক্ষা করুন। বিমান সংস্থার ব্যাগেজের ওজন এবং মাপের নিয়মাবলি আগেই জেনে নিন।
- মোবাইল ফোন ও পেমেন্ট সেটআপ: গন্তব্যে নামার আগেই ই-সিম অথবা আন্তর্জাতিক ডেটা প্যাক সক্রিয় করুন এবং গুগল ম্যাপসের অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখুন। পাশাপাশি সঙ্গে কিছু স্থানীয় অর্থ রাখুন এবং কার্ড ব্লক হওয়া এড়াতে ব্যাংককে ভ্রমণের তথ্য জানান।
- ওষুধের আইন পরীক্ষা: কিছু দেশে সাধারণ ঘুমের ওষুধ বা ব্যথানাশকও নিষিদ্ধ। তাই সব ওষুধ মূল মোড়কে রাখুন এবং প্রেসক্রিপশন সঙ্গে রাখুন।
- ঘরের সুরক্ষা ও চটজলদি চেক: বের হওয়ার আগে পচনশীল খাবার ফেলে দিন, থার্মোস্টেট সামঞ্জস্য করুন এবং বাসার বিদ্যুৎ-গ্যাস বন্ধ আছে কি না নিশ্চিত করুন। দরজা থেকে বের হওয়ার ঠিক আগে ব্যাগ পরীক্ষা করে পাসপোর্ট, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ড সঙ্গে আছে কি না দেখে নিন।
সূত্র: ট্রাভেল+লিজার