হোম > জীবনধারা > রূপবটিকা

মেকআপ গলে যায়? জেনে নিন ‘সোয়েট-প্রুফ’ ফাউন্ডেশন ব্যবহারের কৌশল

ফিচার ডেস্ক, ঢাকা 

গরম আবহাওয়ায় সোয়েট-প্রুফ ফাউন্ডেশন আপনার মেকআপের রূপরেখা বদলে দিতে পারে। ছবি: পেক্সেলস

ঈদ তো চলেই এল। ভ্যাপসা গরম আর অতিরিক্ত ঘামের কারণে ভালোভাবে মেকআপ করলেও কিছুক্ষণের মধ্যে মেকআপ গলে লেপ্টে গিয়ে মুখ তেলতেলে হয়ে যায়। আর এতে পড়তে হয় বিব্রতকর অবস্থায়। এই সমস্যার সমাধান হলো সোয়েট-প্রুফ ফাউন্ডেশন। এটি এমন এক ধরনের বেজ মেকআপ যা ত্বক ঘেমে যেতে দেয় না এবং দীর্ঘ সময় ধরে সাজ অক্ষুণ্ন রাখে।

সোয়েট-প্রুফ ফাউন্ডেশনের উপকারিতা

সাধারণ ফাউন্ডেশনের তুলনায় সোয়েট-প্রুফ ফাউন্ডেশন কিছুটা ভিন্ন হয়। এটি মূলত পানি, ঘাম ও ত্বকের অতিরিক্ত তেল প্রতিরোধ করার জন্য বিশেষভাবে তৈরি।

দীর্ঘস্থায়ী কাভারেজ

এটি গরমে খুব সুন্দরভাবে ত্বকের সঙ্গে লেগে থাকে। ফলে বারবার মেকআপ ঠিক করার প্রয়োজন হয় না।

ছোপ ছোপ দাগ প্রতিরোধ

সাধারণ মেকআপ ঘামের সংস্পর্শে এলে ভেঙে যায় এবং মুখে অসমান দাগ তৈরি করে। সোয়েট-প্রুফ ফর্মুলা এই মেল্টিং বা গলে যাওয়া রোধ করে মুখ মসৃণ রাখে।

তেল নিয়ন্ত্রণ

এই ফাউন্ডেশনগুলোতে অয়েল-অ্যাবজরবিং বা তেল শোষণের উপাদান থাকে। সেগুলো মুখ অতিরিক্ত তেলতেলে হতে দেয় না।

সোয়েট-প্রুফ মেকআপ করার ধাপ

পেশাদার বিউটি এক্সপার্টদের মতে, মেকআপ দীর্ঘস্থায়ী করতে পণ্য নির্বাচনের পাশাপাশি তা ব্যবহারের সঠিক নিয়ম জানা জরুরি। নিচে ধাপে ধাপে এর প্রয়োগ পদ্ধতি দেওয়া হলো—

ত্বক প্রস্তুত করা

পরিষ্কার মুখে প্রথমেই একটি হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক হাইড্রেটেড থাকলে মেকআপ ভালোভাবে বসে। এরপর রোদ থেকে বাঁচতে একটি লাইট ওয়েট বা টিনটেড সানস্ক্রিন ব্যবহার করুন। এটি মেকআপের জন্য একটি মসৃণ বেজ তৈরি করবে।

প্রাইমারের ম্যাজিক

ফাউন্ডেশন ব্যবহারের আগে একটি ম্যাটিফাইং বা পোর-মিনিমাইজিং প্রাইমার ব্যবহার করা বাধ্যতামূলক। প্রাইমার ত্বকের লোমকূপ ঢেকে দিয়ে ফাউন্ডেশন ধরে রাখতে সাহায্য করে।

পাতলা স্তরে ফাউন্ডেশন লাগান

একেবারে অনেকখানি ফাউন্ডেশন মুখে দেবেন না। ভেজা বিউটি স্পঞ্জ বা ব্রাশ দিয়ে একদম পাতলা স্তরে মুখে ফাউন্ডেশন ব্লেন্ড করুন। প্রয়োজন হলে ধীরে ধীরে কাভারেজ বাড়ান।

পাউডার ও সেটিং স্প্রে দিয়ে লক করুন

কপাল, নাক ও চিবুকের মতো যেসব জায়গায় ঘাম বেশি হয়, সেগুলোতে হালকা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন। সব শেষে একটি ভালো সেটিং স্প্রে দিয়ে পুরো মুখের সাজ লক করে নিন।

আপনার ত্বকের জন্য সঠিক ফাউন্ডেশন কীভাবে বাছবেন?

তৈলাক্ত ত্বক

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তবে লেবেলে ‘অয়েল ফ্রি’, ‘শাইন ফ্রি’ বা ‘ম্যাট’ লেখা দেখে ফাউন্ডেশন কিনুন। এটি মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে দীর্ঘক্ষণ ফ্রেশ লুক দেবে।

শুষ্ক ত্বক

শুষ্ক ত্বকের জন্য ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বক আরও রুক্ষ দেখাতে পারে। তাই স্যাটিন বা ডিউয়ি ফিনিশ দেয় এবং হাইলুরোনিক অ্যাসিড বা গ্লিসারিনযুক্ত হাইড্রেটিং সোয়েট-প্রুফ ফাউন্ডেশন বেছে নিন।

মিশ্র ত্বক

যাঁদের কপাল ও নাক তৈলাক্ত কিন্তু গাল শুষ্ক, তারা সেমি-ম্যাট এবং হালকা ফাউন্ডেশন বেছে নিন, যা ত্বকের ভারসাম্য বজায় রাখবে।

সংবেদনশীল ত্বক

এই ধরনের ত্বকের জন্য সুগন্ধহীন এবং ডার্মাটোলজিস্ট পরীক্ষিত নন-কমেডোজেনিক ফাউন্ডেশন ব্যবহার করা নিরাপদ। এতে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হবে না।

কিছু টিপস

  • মেকআপ করার পর বারবার মুখে হাত দেবেন না।
  • গরমে বাইরে থাকাকালীন মুখ অতিরিক্ত তেলতেলে মনে হলে বাড়তি পাউডার না মেখে ব্লটিং পেপার বা টিস্যু দিয়ে আলতো চেপে তেল শুষে নিন।

গরম আবহাওয়ায় সোয়েট-প্রুফ ফাউন্ডেশন আপনার মেকআপের রূপরেখা বদলে দিতে পারে। সঠিক নিয়ম মেনে এবং নিজের ত্বকের ধরন বুঝে এটি ব্যবহার করলে ভ্যাপসা গরমেও আপনি থাকবেন সতেজ ও আত্মবিশ্বাসী।

সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবে শসা

গ্রীষ্মে ত্বকের সমস্যা সমাধান করবেন যেসব উপায়ে

ঈদের আগে মুখত্বকের যত্নে ৫ উপায়

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য তামান্না ভাটিয়ার ঘরে তৈরি ফেস প্যাক

১০ ধাপে ত্বকযত্নের দিন ফুরোল, এসেছে ‘স্মার্ট রেফারিং’

গরমে লিপস্টিক গলে যাওয়া বন্ধ করতে

প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? মেনে চলতে হবে এই নিয়মগুলো

প্রাকৃতিকভাবে মুখ পরিষ্কার রাখার ৫ টিপস

২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী: ঠাকুরবাড়ির রূপচর্চা