হোম > জীবনধারা > রূপবটিকা

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়

ফিচার ডেস্ক

গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে ত্বক হারাতে পারে তার স্বাভাবিক আর্দ্রতা। ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। শুধু তাই নয়, কম আর্দ্রতার পরিবেশে ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ স্বাভাবিকভাবে ঝরে পড়ার প্রক্রিয়াও ব্যাহত হতে পারে। এতে ত্বকের স্বাভাবিক মসৃণতা কমে গিয়ে ত্বক খসখসে দেখাতে পারে। সারাক্ষণ এসিতে থাকতে হলে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কয়েকটি বিষয় মেনে চলতে পারেন।

১. ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করুন

পরিষ্কার করতে গিয়ে ত্বক অতিরিক্ত শুষ্ক করে ফেলা যাবে না। এসির শুষ্ক পরিবেশে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে মৃদু ও ময়েশ্চারাইজিং ক্লিনজার ব্যবহার করা ভালো। সকালে ও রাতে মুখ পরিষ্কার করার সময় এমন ক্লিনজার বেছে নিন, যা ত্বকের ময়লা পরিষ্কার করবে পাশাপাশি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখবে।

২. বেশি গরম পানি দিয়ে মুখ ধোবেন না

গরম পানি দিয়ে মুখ ধুলে সাময়িকভাবে আরাম লাগলেও এটি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। ফলে ত্বক আরও শুষ্ক ও নিষ্প্রাণ দেখাতে পারে। তাই মুখ ধোয়ার সময় অতিরিক্ত গরম পানির বদলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করুন।

৩. ময়েশ্চারাইজার ব্যবহার

এসিতে থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা থাকলে ময়েশ্চারাইজার হতে পারে সহজ সমাধানগুলোর একটি। মুখ পরিষ্কার করার পর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। বিশেষ করে হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন বা সিরামাইডের মতো উপাদানযুক্ত ময়েশ্চারাইজার ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।

৪. সপ্তাহে কয়েক দিন হাইড্রেটিং মাস্ক

ত্বক যদি অতিরিক্ত শুষ্ক ও টান টান মনে হয়, তাহলে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। এটি ত্বকে বাড়তি আর্দ্রতা দিতে সাহায্য করতে পারে। তবে আপনার ত্বকে ব্রণ বা সংবেদনশীলতার সমস্যা থাকলে নতুন কোনো মাস্ক ব্যবহারের আগে উপাদানগুলো দেখে নেওয়া ভালো।

৫. সঙ্গে রাখতে পারেন ফেস মিস্ট

এসিতে দীর্ঘ সময় কাটালে ত্বক যখন শুষ্ক বা টান টান অনুভূত হয়, তখন হাইড্রেটিং ফেস মিস্ট ব্যবহার করা যেতে পারে। তবে শুধু মিস্ট স্প্রে করেই থেমে না থেকে প্রয়োজন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করাও গুরুত্বপূর্ণ। এতে ত্বক আর্দ্রতা ধরে রাখতে পারবে সহজে।

৬. ত্বকের ধরন অনুযায়ী সিরাম ব্যবহার করুন

ত্বকে অতিরিক্ত শুষ্কতা থাকলে হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত হাইড্রেটিং সিরাম ব্যবহার করা যেতে পারে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগালে ত্বকের আর্দ্রতা ধরে রাখার রুটিনটি আরও কার্যকর হতে পারে।

৭. ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করুন

যাঁরা দীর্ঘ সময় এসি ব্যবহার করেন, তাঁদের ঘরের বাতাসে আর্দ্রতা ফিরিয়ে আনতে হিউমিডিফায়ার উপকারী হতে পারে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় বিছানার পাশে হিউমিডিফায়ার রাখলে শুষ্ক পরিবেশের প্রভাব কিছুটা কমতে পারে।

সূত্র: লোরিয়াল প্যারিস