হোম > জীবনধারা > রূপবটিকা

ভাদ্রের গরমে শুষ্ক হয়ে উঠছে ত্বক? যে বিষয়গুলো মনে রাখলে উপকার পাবেন

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

ভাদ্র মাসের গরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। এ সময়ের গরমটা একটু অন্য রকম। ঘেমে যাওয়ার পর যখন হাত-মুখ ধুচ্ছেন, তখনই একটা শুষ্ক টানটান ভাব ত্বকে অনুভূত হয়। এভাবে অনেকের ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং ত্বকে টান ধরছে। ভাদ্র মাসের গরমে তাই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা। কিছু বিষয় খেয়াল রাখলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজার

দিনে ও রাতে ত্বকের ধরন বুঝে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এতে যেন নিয়াসিনামাইড, গ্লিসারিন, ল্যানোলিন ও ভিটামিন সি থাকে তা দেখে কিনুন। এগুলো ত্বকে আর্দ্রতা ধরে রাখে। সপ্তাহে এক দিন রাতে হাইড্রেটিং মাস্ক ব্যবহার করুন। দিনের বেলায় সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে অবশ্যই ৫০+ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

ক্ষারযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন

শরতে অনেকের ত্বক শুষ্ক হয়ে চামড়া উঠে যাচ্ছে। তাই মাইল্ড ফেসওয়াশ ও সাবান ব্যবহার করুন। অতিরিক্ত ক্ষারযুক্ত সামগ্রী ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়ে ত্বক শুষ্ক করে তোলে।

ছবি: পেক্সেলস

রুটিন মেনে ত্বকের যত্ন নিন

দিনের বেলায় ভালো করে ত্বক পরিষ্কার করে টোনার ব্যবহার করুন। এরপর সানস্ক্রিন ও ময়শ্চারাইজার ব্যবহার করুন। আর রাতে ত্বক ভালো করে পরিষ্কার করে ময়শ্চারাইজার দিন। বাইরে থেকে এসে ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধুয়ে নিন, এতে ত্বক শীতল হবে। ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজার ব্যবহারের চেষ্টা করুন।

খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন

ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি পানের সঙ্গে সঙ্গে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। এই গরমে অতিরিক্ত তেল-চর্বি এবং গুরুপাক খাবার খাওয়া বাদ দিন। খাদ্যতালিকায় শসা, লাউ, লেবু, বিভিন্ন শাক, মাছ, মুরগি, বিভিন্ন রকম ফলমূল ও শুকনো ফল রাখুন। এগুলোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ, যা ত্বক শুষ্ক হওয়ার হাত থেকে রক্ষা করে। তা ছাড়া মিষ্টিআলু খেতে পারেন। এতে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন ত্বকের পানি ধরে রাখে। অতিরিক্ত লবণ ও চিনিযুক্ত খাবার ত্বক শুষ্ক করে তোলে। তাই ত্বক আর্দ্র রাখতে বিভিন্ন চিপস, মিষ্টি, শর্করাজাতীয় খাবার ও কফি বাদ দিন।

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে পানির বিকল্প নেই। তাই পর্যাপ্ত পানি পান করুন। এতে আপনার ত্বক ভেতর থেকে উজ্জীবিত হয়ে উঠবে। দিনে বাইরে বের হলে সানস্ক্রিন ও ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি ত্বক ঢেকে রাখার চেষ্টা করুন। পাতলা সুতি কাপড়ে তৈরি লম্বা হাতার জামা এবং পায়ে পাতলা মোজা পরুন। অবশ্যই রোদে ছাতা ব্যবহার করতে ভুলবেন না।
শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

গোসলে ঠান্ডা পানি ব্যবহার করুন

গোসলের সময় গরম পানির ব্যবহার বাদ দিন। গরম পানি ত্বকের আর্দ্রতা কেড়ে নিয়ে শুষ্ক করে তোলে। এই প্রচণ্ড গরমে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েই গোসল সারুন। এতে শরীর শীতল থাকবে।

ছবি: পেক্সেলস

প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন

মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে। মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ঘাড়, হাত ও মুখে লাগাতে পারেন। গরমে ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতে আছে ভিটামিন এ, সি, ই, বিভিন্ন মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড। তাই ত্বক আর্দ্র রাখতে অ্যালোভেরার বিভিন্ন প্যাক ব্যবহার করুন। এ ছাড়া ত্বকে গোলাপজল, গ্লিসারিন ও অলিভ অয়েলের মতো প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করুন।

সূত্র: গ্রিন পিপল ও অন্যান্য