হোম > জীবনধারা > রূপবটিকা

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুঁচকে যাওয়া ও ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, ত্বক নির্জীব হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে আজকাল অনেকে নানা ধরনের সেরাম ব্যবহার করেন। চড়া দামের এসব সেরাম ছাড়াও কি আগেকার দিনে ত্বক ভালো রাখার উপায় ছিল না বলুন তো?

বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। খাদ্যাভ্যাস পরিবর্তন করে ত্বকের সমস্যা অনেকটাই প্রতিরোধ করা যায়। সবুজ শাকসবজি, ফলমূল, গ্রিন টি, গাজর, টমেটো, ডালিম, লেবু, বাদাম, পাকা পেঁপে কিংবা টক দইতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে। এগুলো ত্বকের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন নিয়ম করে এগুলো খাওয়া দরকার। তা ছাড়া বলিরেখা রোধে বাহ্যিক যত্নেরও প্রয়োজন আছে। বলিরেখা ঠেকাতে প্রতিদিন নিয়ম করে সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। পাশাপাশি রেটিনয়েড ও হায়ালুরনিক অ্যাসিড যুক্ত ময়শ্চারাইজার ত্বকে ব্যবহার করতে হবে। এ ছাড়া কিছু প্রাকৃতিক উপাদান ত্বকে ব্যবহার শুরু করা গেলে সেরাম কেনার খরচ কিন্তু অনেকটাই কমে যাবে। তারুণ্যদীপ্ত ত্বকের জন্য যে উপকরণগুলো ব্যবহার করতে পারেন—

নারকেল তেল

নারকেল তেল প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে। তা ছাড়া এটি ত্বকে পানির ভারসাম্য বজায় রেখে ত্বকের নমনীয়তা অনেকটাই ফিরিয়ে আনে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেসব জায়গায় বলিরেখা দেখা দিয়েছে, সেসব জায়গায় অরগানিক নারকেল তেল লাগিয়ে মালিশ করে সারা রাত রেখে দিন।

মধু

মধু ত্বকের পিএইচ সমতা বজায় রেখে ত্বকের নির্জীব ভাব দূর করে। এক চা-চামচ মধু মুখে মেখে ভালো করে মালিশ করে আধা ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে এই কাজ প্রতিদিন করতে পারেন।

ছবি: পেক্সেলস

শসা

শসায় রয়েছে বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং ৯৫ শতাংশ পানি। ফলে এটি ত্বক সুস্থ রাখে। একটি শসার রস বের করুন এবং পরিষ্কার ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন। ত্বকের মলিন ভাব দূর করতে দূর করতে প্রতিদিন শসা ব্যবহার করতে পারেন।

লেবুর রস

লেবুতে আছে ভিটামিন সি। এটি ত্বকের কোলাজেন তৈরিতে সহায়ক এবং বলিরেখা দূর করে। এক টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সমান পরিমাণ মধু মিশিয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুবার ব্যবহার করুন।

আপেল সিডার ভিনেগার

বলিরেখা দূর করতে এক চামচ আপেল সিডার ভিনেগার এবং এক চামচ মধু মিশিয়ে মুখ ও গলার অংশে মাখুন। তারপর ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর মুখ মুছে পছন্দমতো একটি ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন। এটি সপ্তাহে দুবার ব্যবহার করুন। এতে ধীরে ধীরে বলিরেখা দূর হবে।

ছবি: পেক্সেলস

অ্যালোভেরা জেল

অ্যালোভেরায় প্রচুর ভিটামিন ই রয়েছে, যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এক টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে হালকা করে প্রলেপ লাগিয়ে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার এই মাস্ক ব্যবহার করুন।

পেঁপে ও কলা

পেঁপেতে আছে বিটা ক্যারোটিন আর কলায় বার্ধক্যবিরোধী বিভিন্ন বৈশিষ্ট্য। একটি পাকা কলা এবং এক ফালি পেঁপে ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে মুখে মাখুন। এরপর ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকের তারুণ্য বজায় রাখতে সপ্তাহে অন্তত দুবার ব্যবহার করুন এটি।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য