হোম > জীবনধারা > রূপবটিকা

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

ফিচার ডেস্ক

ছবি: পেক্সেলস

দাওয়াতে বা বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে হালকা হলেও মেকআপ তো করাই হয়। তবে মূল উদ্দেশ্য থাকে উজ্জ্বল দেখানো। তাই বিশেষ দিনগুলোয় মেকআপের আগে ত্বকে বিভিন্ন ধরনের ফেসপ্যাক ব্যবহার করেন নারীরা। এতে ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়, সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক হয় মসৃণ। ফলে মেকআপও ভালোভাবে বসে। কিন্তু না বুঝে ইচ্ছেমতো প্যাক ব্যবহারে আবার উল্টো ফল হতে পারে। তাই ব্যবহারের আগে জেনে নিন মেকআপ করার আগে কোন ধরনের ফেসপ্যাক ব্যবহার করা ভালো এবং কোনগুলো ব্যবহার একেবারেই করা যাবে না।

ফলের ফেসপ্যাক

কলা ও পেঁপে সহজলভ্য। পরিমাণ বুঝে পেঁপে বা কলা যেকোনো একটি ভালো করে চটকে নিন। এরপর এতে কমলার খোসা গুঁড়া বা বাটা, কয়েক ফোঁটা মধু, সামান্য গ্লিসারিন, এক চা-চামচ টক দই, আধা চা-চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে গলায় ও মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ডিমের খোসার ফেসপ্যাক

ডিমের খোসা পাটায় বেটে বা ব্লেন্ড করে একেবারে মিহি করুন। এরপর এতে চালের গুঁড়ার সঙ্গে মধু, কাঁচা দুধ, গোলাপজল এবং বেটে মিহি করা চিনি পরিমাণমতো নিয়ে একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। এরপর আলতো হাতে ঘষে ফেসপ্যাকটি তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা ফেসপ্যাক

আজকাল সবার বারান্দা বা ছাদের টবে অ্যালোভেরা গাছ থাকে। টক দই, অ্যালোভেরা জেল, মধু, কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর হালকাভাবে ম্যাসেজ করে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ছবি: পেক্সেলস

দুধ-ডিমের ফেসপ্যাক

ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিয়ে এর সঙ্গে কাঁচা হলুদবাটা, কাঁচা দুধ এবং মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে ও গলায় মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ভালো করে মুখ ও গলা ধুয়ে ফেলুন।

চন্দন ও শসার ফেসপ্যাক

চন্দনগুঁড়া, শসার রস, মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে ১০ থেকে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টমেটো-মধুর ফেসপ্যাক

টমেটো ব্লেন্ড করে বা চটকে রস বের করে নিন। এরপর এতে কাঁচা দুধ, অ্যালোভেরা জেল, ডিমের সাদা অংশ এবং টক দই মিশিয়ে পেস্ট করে নিয়ে মুখের ত্বকে মেখে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ছবি: পেক্সেলস

যেসব ফেসপ্যাক ব্যবহার করা ঠিক নয়

মেকআপের ঠিক আগে যেসব ফেসপ্যাক বা উপাদান একদম ব্যবহার করা যাবে না, সেগুলো হলো—

চারকোলযুক্ত রেডিমেড প্যাক

চারকোলযুক্ত ফেসপ্যাক মেকআপের আগে ব্যবহার করবেন না। এগুলো ত্বক থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। এর ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায় এবং মেকআপ বসালে তা ফেটে যায়।

কেমিক্যাল পিলিং

গ্লাইকোলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত প্যাক বা পিল মেকআপের আগে ব্যবহার করলে ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। এর ওপর মেকআপের কেমিক্যাল বসলে ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি হতে পারে।

নতুন কোনো ফেসপ্যাক

কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে জীবনে প্রথম কোনো ফেসপ্যাক বা শিট মাস্ক ব্যবহার করবেন না। যদি সেটি আপনার ত্বকের জন্য উপযুক্ত না হয়, তাহলে মেকআপ করার আগেই র‍্যাশ, চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে।

সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য