আগামীকাল ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। দিনটি প্রেমিক যুগলের জন্য বহু অপেক্ষার একটি দিন। একে অপরকে উপহার দিয়ে অবাক করা, রোমান্টিক খাবার উপভোগ করা, কোয়ালিটি টাইম কাটানো—এসব নিয়ে বহু আগে থেকে জল্পনাকল্পনা থাকে প্রেমিক যুগলের। তবে সব প্রেমিক-প্রেমিকাই তাঁদের সঙ্গীর সঙ্গে প্রতিটি দিন কাটাতে পারেন না। এর পেছনে থাকে নানা ব্যস্ততা। কাজ, পড়াশোনা ও অন্যান্য কারণে শহর বা দেশের বাইরে অবস্থান করেন অনেকে। ভালোবাসা দিবস উপলক্ষে যদি এবার দেখা হওয়ার সুযোগ হয়েই যায়, তাহলে কীভাবে সঙ্গীর সঙ্গে কাটাবেন? আর যদি ভার্চুয়ালি সেলিব্রেট করতে হয়, তাহলেই-বা কী করবেন? এসব কথাই থাকছে ভালোবাসা দিবসের এই বিশেষ আয়োজনে–
সন্ধ্যার সাক্ষাতে নিজেদের প্রিয় মুহূর্তগুলো পুনরায় উপভোগ করুন
একসঙ্গে স্মৃতি তৈরির চেয়ে ভালো আর কিছুই নেই। নিজেদের নিশ্চয়ই বিভিন্ন সময়ে তোলা সুন্দর ছবিও রয়েছে। আপনার সঙ্গীকে একটি ব্যক্তিগত ফটো অ্যালবাম দিয়ে অবাক করে দিতে পারেন কিন্তু! সন্ধ্যায় দেখা করে কফি খেতে খেতে নিজেদের পুরোনো ছবিগুলো দেখুন। দেখা হওয়ার সুযোগ না থাকলে কুরিয়ার করে অ্যালবাম বা ফটোফ্রেম ভালোবাসা দিবসের উপহার হিসেবে পাঠিয়ে দিন সঙ্গীর ঠিকানায়।
ডিজিটাল ডিনার ডেটের আয়োজন করুন
যদি বাস্তবে একসঙ্গে হতে না পারেন, তাহলে পরবর্তী সেরা জিনিস হলো ডিজিটাল সেলিব্রেশন। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে একসঙ্গে ডিনার উপভোগের জন্য সময় বের করুন। একই টেবিলে থাকার মায়া তৈরি করতে একই খাবার রান্না করতে পারেন দুজনেই। তারপর দুজনে সেজেগুজে খাবারের থালা নিয়ে বসে পড়ুন ক্যামেরার সামনে। গল্প করতে করতে ডিনার শেষ করুন।
চকলেট দিয়ে বলুন মনের কথা
যদি চকলেটে একটি মিষ্টি বার্তা থাকে, যেখানে আপনি আপনার সঙ্গীকে জানাচ্ছেন তাঁকে কতটা ভালোবাসেন; তাহলে কেমন হয়! তাঁর জন্য একটি সুস্বাদু মিল্কি চকলেট উপহার পাঠান। একই খামে থাকুক একটি চিঠি; যেখানে নিজের মনের কথা আপনি জানাবেন প্রিয় মানুষটিকে।
একটি স্থায়ী স্মৃতিচিহ্ন উপহার দিন
কখনো কখনো আপনি আপনার সঙ্গীকে এমন কিছু দিতে চান, যা তিনি দীর্ঘ সময় রাখতে পারেন। আপনার নামের আদ্যক্ষর, একটি ছবি বা একটি সুন্দর খোদাই করা কানের দুল বা চাবির রিং, কেমন হবে? সুন্দর খোদাই করা ব্রেসলেটও উপহার হিসেবে বিবেচনায় রাখতে পারেন।
দূরে থেকেও কাছে থাকার উপায়
দীর্ঘ দূরত্বের সম্পর্কে থাকা সব সময় সহজ নয়। একসঙ্গে রাতের খাবার খাওয়া, আলিঙ্গন করা, রোজকার দিন ভাগাভাগি করা ইত্যাদি হয়তো আপনারা উপভোগ করতে পারেন না। কিন্তু নেতিবাচক বিষয়গুলোতে মনোযোগ দিলে বর্তমানের সময়টাই নষ্ট হবে। যাঁরা দূরে থাকেন, কিন্তু একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন; তাঁরা নিচের বিষয়গুলো মেনে চলতে পারেন।
বিশ্বাস রাখুন
খারাপ দিন কাটছে? ভালো লাগছে না? একটু একাকী বোধ করছেন? ভালোবাসা দিবসে ভিডিও কল করে আপনার সঙ্গীর সঙ্গে অনুভূতি ভাগ করুন। দুজন দুজনের মনের অনুভূতি জেনে নিন। এটাই শক্তি জোগাবে। বিশ্বাস রাখুন এই দূরত্ব খুব অল্পদিনের।
একসঙ্গে সময় কাটান
ডিজিটাল পদ্ধতিতে হলেও, আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে গেম খেলতে পারেন। সিনেমা দেখা বা বই পড়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুধু একটি ভিডিও কলে যোগ দিন এবং আপনার কাজটি করুন।
ভালোবাসা দিবসের কথা ভুলে যাবেন না
যখন আপনি আলাদা থাকেন বা নির্দিষ্ট দূরে অবস্থান করেন; তখন এই মুহূর্তগুলো বা দিবসগুলো আরও গুরুত্বপূর্ণ। আপনার সঙ্গীকে দেখান যে তিনি ততটাই ভালোবাসা পাবেন, যতটা আপনার কাছাকাছি থাকলে পেতেন। তাঁর দরজায় একটি উপহার বা চিঠি পৌঁছে দিন। এখানে কত দামি উপহার পাঠাচ্ছেন, সেটা বড় ব্যাপার নয়; বড় ব্যাপার হচ্ছে, আপনি তাঁকে মনে করে বিশেষ এই দিবসে ভালোবাসা পাঠিয়েছেন।
সূত্র: ইয়োর সারপ্রাইজ ও অন্যান্য