সবার মন জোগাতে গিয়ে নিজেকে এক পাশে সরিয়ে রাখছেন না তো? যদি এ প্রশ্নটি আপনার মনে জাগে তাহলে নিজের ওপর কাজ করার সঠিক সময় এখনই। একজন মানুষ যখন নিজেই নিজেকে গুরুত্ব দেয় না, তখন আশপাশেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয় না। আর নিজের সেরা সংস্করণটি খুঁজে পেতে হলে সবার আগে নিজেকে ভালোবাসা চাই। কী করে নিজেকে ভালোবাসবেন? জেনে নিন কয়েকটি সূত্রের কথা।
অন্য়ের সঙ্গে নিজের তুলনা বন্ধ করুন
ছোটবেলা থেকে আমাদের প্রতিযোগিতামূলক পরিস্থিতির মাধ্য়মে বড় হতে হয়। তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করাটা স্বাভাবিক। কিন্তু দীর্ঘ মেয়াদে এটা বিপজ্জনক হতে পারে। এ পৃথিবীতে অন্য কারও সঙ্গে নিজের তুলনা করার কোনো মানে হয় না। কারণ আপনি একজনই এবং আপনার মতো কেবল আপনিই। তুলনা না করে নিজের এবং নিজের যাত্রার ওপর মনোযোগ দিন। শুধু এ মানসিক শক্তির পরিবর্তনই আপনাকে অনেকটা মুক্ত অনুভব করতে সাহায্য করবে।
অন্য়ের মতামতকে সব সময় গুরুত্বপূর্ণ ভাববেন না
সব সময় সমাজ আপনাকে কী ভাবে বা আপনার কাছে কী আশা করে, তা নিয়ে চিন্তা করবেন না। আপনি সবাইকে খুশি করতে পারবেন না; বরং এটি সময়ের অপচয় করবে। পাশাপাশি আপনার নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার যাত্রায় এ ভাবনা কেবল আপনার গতি কমিয়ে দেবে।
নিজেকে ভুল করার সুযোগ দিন
কেউই নিখুঁত নয়, সবাই ভুল করে। তবে বয়স যত বাড়ে, ব্যর্থ না হওয়ার জন্য তত বেশি চাপ নিই আমরা। এবার নিজেকে কিছুটা ছাড় দিন। ভুল করুন, যাতে আপনি তা থেকে শিখতে এবং উন্নতি করতে পারেন। আপনার অতীত গ্রহণ করুন। আপনি অতীতে যা ছিলেন, সেখান থেকে আজকের আপনি এবং ভবিষ্যতে যা হবেন, সে পথে আপনি ক্রমাগত পরিবর্তিত ও বিকশিত হচ্ছেন, এটি মনে রাখুন।
বাহ্যিক সৌন্দর্যই সব নয়
পৃথিবীর অনেক কিছুই আপনাকে এই শক্তিশালী সত্য থেকে বিভ্রান্ত করতে চায়। কখনো কখনো, এমনকি আপনার নিজের ভেতরেও নিজেকে অপর্যাপ্ত বলে মনে হতে পারে। এখানেও সেই একই কথা—নিজেকে তুলনা করবেন না কারও সঙ্গে। নিজের ভালো দিকগুলো খুঁজে বের করুন। সেসব কাজ নিয়মিত অনুশীলন আপনাকে আত্মবিশ্বাসী, স্বাচ্ছন্দ্যময় এবং সত্য়িকার অর্থে সুখী করে তুলতে পারে।
বিষাক্ত মানুষদের সঙ্গ ছাড়তে ভয় পাবেন না
যদি এমন কেউ থাকে, যে আপনার জীবনে বিষাক্ততা নিয়ে আসছে, তাহলে তাদের থেকে দূরে সরে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর এ কাজটি করতে ভয় পাবেন না। এটি মুক্তিদায়ক এবং সুখী জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। যেসব পরিস্থিতি বা মানুষ আপনার মানসিক শক্তি কেড়ে নিচ্ছে, তাদের থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা অভদ্রতা বা অন্যায় নয়।
ভালো সিদ্ধান্ত নিতে নিজের ওপর বিশ্বাস রাখুন
আমরা প্রায়ই নিজেদের সঠিক কাজটি করার ক্ষমতা নিয়ে সন্দেহ করি। অথচ বেশির ভাগ সময় আমরা মনে মনে জানি, কোনটা সবচেয়ে ভালো। মনে রাখবেন, আপনার অনুভূতিগুলো যুক্তিসংগত। আপনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হচ্ছেন না। আপনি নিজেকে অন্য যে কারও চেয়ে ভালো চেনেন, তাই নিজের সেরা সমর্থক নিজেই হয়ে উঠুন।
নিজেকে অগ্রাধিকার দিন
এটা করার জন্য অপরাধ বোধে ভুগবেন না। বিশেষ করে নারীরা অন্যদের অগ্রাধিকার দিতে অভ্যস্ত হয়ে যেতে পারেন। যদিও এর জন্য একটি নির্দিষ্ট সময় ও স্থান রয়েছে, তবে এটি এমন কোনো অভ্যাস হওয়া উচিত নয়, যা আপনার মানসিক বা আবেগীয় সুস্থতার ক্ষতি করে।
শরীর ও মস্তিষ্কের বিশ্রামের জন্য সময় রাখুন
পর্যাপ্ত বিশ্রাম না নিলে কাজেও মন দেওয়া যায় না, আবার মনও ভালো থাকে না। প্রতিদিন শরীর ও মস্তিষ্ক যেন পর্যাপ্ত বিশ্রাম পায়, সেদিকে নজর দেওয়া জরুরি। পর্যাপ্ত ঘুম, প্রকৃতির মাঝে সময় কাটানো, প্রিয় গান শোনা, সিনেমা দেখে কাটানো ইত্যাদির মাধ্য়মে শরীর ও মস্তিষ্ক বিশ্রাম পায় এবং আবার কাজ করার জন্য শক্তি সঞ্চয় করে।
সাধারণ জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে নিন
প্রতিদিন আপনার চারপাশে হাজারো সুন্দর জিনিস লুকিয়ে রয়েছে। গাছের পাতা থেকে শুরু করে ফুল, প্রজাপতি, চাঁদ এমনকি কারও ব্যবহার আপনাকে মুগ্ধ করতে পারে। সেগুলোর ইতিবাচক শক্তি আপনার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রকৃতি ও ঈশ্বরকে ধন্যবাদ জানান।
নিজের প্রতি সদয় হোন
আশপাশের অনেকেই আপনার বিপদে বা ক্রান্তিকালে পাশে নাও থাকতে পারে। কিন্তু নিজে নিজের ওপর আস্থা হারাবেন না। অনিচ্ছা নিয়ে কোনো কাজ করবেন না। নিজের জীবন উদ্যাপন করুন। নিজের পছন্দ ও অপছন্দের গুরুত্ব দিন। তাহলেই প্রকৃত সুখী হতে পারবেন।
সূত্র: হেলথ লাইন