হোম > জীবনধারা > জেনে নিন

আজকের রাশিফল: প্রেমে জোয়ার আসবে, আলসেমির কারণে অনেক কিছুই হাতছাড়া হবে

আজকের পত্রিকা ডেস্ক­

মেষ

আজ আপনার তেজ থাকবে একদম আগ্নেয়গিরির মতো। তবে সাবধানে, এই তেজে নিজের অফিসের বসের কফি যেন আবার পুড়ে না যায়! আর্থিক যোগ আছে, তবে সেটা পকেট থেকে টাকা বেরোনোর যোগ। কোনো পুরোনো বন্ধু ফোন করতে পারে—হয় সে টাকা ধার চাইবে, নয়তো বিয়ের কার্ড দেবে। দুটোর একটিও আপনার জন্য সুখবর নয়। রাস্তায় হাঁটার সময় মোবাইল দেখবেন না, ড্রেন আপনার অপেক্ষায় আছে।

বৃষ

আজ আপনার অলসতা এমন পর্যায়ে যাবে যে রিমোটটা পাশের সোফায় থাকলেও আপনি ভাববেন ‘না দেখলেও চলে’। প্রেমে জোয়ার আসার সম্ভাবনা আছে, তবে যদি শুয়ে থাকেন তবে সেই জোয়ার বালিশ পর্যন্তই পৌঁছাবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন, কিন্তু সেই ফল খাওয়ার জন্য আপনাকে অন্তত বিছানা ছাড়তে হবে। জিমে যাওয়ার কথা আজ শুধু ভাবুনই, যাবেন না। শরীর চমকে যেতে পারে।

মিথুন

আজ আপনার কথা বলার শক্তি দেখে রেডিও জকিরাও লজ্জা পাবে। আপনি দেয়ালের সঙ্গে কথা বললেও দেয়াল হয়তো উত্তর দেবে। সম্পর্কে সতেজতা ফিরবে। কারণ, আপনার সঙ্গী আজ আপনার সব আজগুবি কথা শোনার মেজাজে থাকবে। অফিসে নতুন কোনো পরিকল্পনা দিতে পারেন, কিন্তু সেটা যেন ‘অফিস ছুটি’র পরিকল্পনা না হয়। বাসের কন্ডাক্টরের সঙ্গে তর্কে যাবেন না, তার গলার জোর আপনার চেয়ে বেশি।

কর্কট

আজ আপনার মনটা একদম ‘ইমোশনাল সিনেমা’র মতো। সামান্য কথাতেই আপনার চোখে পানি চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি সেগুলো কান্নাকাটি না করে হাসিমুখে সামলালে সবাই অবাক হবে। পরিবারের লোকদের ওপর বেশি খবরদারি করতে যাবেন না, হিতে বিপরীত হতে পারে। শান্তি আজ রান্নাঘরেই। সোশ্যাল মিডিয়ায় কোনো স্যাড স্ট্যাটাস দেবেন না, কেউ পাত্তা দেবে না।

সিংহ

সিংহের গর্জন আজ আকাশে-বাতাসে! কর্মক্ষেত্রে সবাইকে শাসন করবেন। আর্থিক ক্ষেত্র ভালো, কিন্তু বিকেলের দিকে কোনো অতিথি এসে আপনার পকেট খালি করে দিতে পারে। বন্ধুদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কারণ, ভাবছেন আপনি ঠিক, আর ওরাও ভাবছে ওরা ঠিক। আসলে ঠিক যে কেউ না, সেটা বোঝার মতো বুদ্ধি আজ কারও নেই। আয়নায় নিজেকে দেখে আজ একটু বেশিই মুগ্ধ হবেন।

কন্যা

আজ আপনার খুঁতখুঁতে স্বভাব দেখে আপনার মা-ও হয়তো বাড়ি থেকে পালাতে চাইবেন। চায়ের কাপে চিনির দানা কয়টা আছে, সেটাও গুনতে বসবেন না। আর্থিক উন্নতির যোগ আছে, তবে সেটা লটারি থেকে নয়, বরং অন্যের ভুল ধরিয়ে দিয়ে পাওয়া পুরস্কার থেকে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, বাইরের ফাস্ট ফুড আপনার পেটের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পারে। অন্যদের জীবন শান্তিতে কাটতে দিন।

তুলা

আজ আপনি একদিকে ডায়েট চার্ট আর অন্যদিকে বিরিয়ানির প্লেটের মধ্যে ব্যালেন্স করতে হিমশিম খাবেন। সম্পর্কে একটু ধোঁয়াশা থাকতে পারে। সঙ্গী যদি জিজ্ঞেস করে ‘আমি কি মোটা হয়ে গেছি?’ তবে ভুলেও ‘হ্যাঁ’ বলবেন না। গ্রহের ফেরে আজ আপনার প্রাণহানির আশঙ্কা আছে। ধৈর্য ধরুন, দিন শেষে সব ঠিক হয়ে যাবে। শপিং করতে গেলে ক্রেডিট কার্ড বাড়িতে রেখে যান।

বৃশ্চিক

আজ আপনার রহস্যময় আচরণ দেখে পাশের লোকটিও সিআইডিকে খবর দিতে পারে। প্রেমজীবন বেশ রঙিন, তবে অতিরিক্ত পজেসিভ হবেন না। আজ কেউ আপনাকে গুরুত্ব না দিলে আপনি মনে মনে তার জন্য ‘শত্রু তালিকা’ তৈরি করতে পারেন। আর্থিক লেনদেনে সাবধান, কাউকে ধার দিলে সেটা ভুলে যাওয়াই ভালো। আজ হাসার চেষ্টা করুন, মানুষ ভয় পাবে না।

ধনু

আজ আপনি ভাববেন বিশ্বভ্রমণে যাবেন, কিন্তু পকেটের দিকে তাকালে বড়জোর পাড়ার মোড় পর্যন্ত যাওয়া সম্ভব। ভাগ্যের চাকা ঘুরছে, কিন্তু চাকাটা যেন আপনার পায়ের ওপর দিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি আজ তলোয়ারের মতো ধারালো থাকবে। উচ্চ স্থানে ওঠার সময় সাবধানে, মাথা ঘুরতে পারে।

মকর

আজ মঙ্গল আপনার রাশিতে উচ্চস্থ, তাই কাজের এনার্জি দেখে বুলডোজারও লজ্জা পাবে। কিন্তু অতিরিক্ত কাজ করতে গিয়ে বাড়ির লোকের কথা ভুলে যাবেন না। সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে যদি আপনি শুধু অফিসের ফাইল নিয়ে কথা বলেন। আজ হঠাৎ করেই কোনো পুরোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। কাজ শেষে একটু ঘুমিয়ে নিন, রোবট হওয়ার চেষ্টা করবেন না।

কুম্ভ

আজ দুনিয়ার সব জটিল সমস্যার সমাধান করবেন নিজের মাথার ভেতরেই। আর্থিক চাপ থাকতে পারে। কারণ, আপনার উদ্ভাবনী চিন্তাগুলো বাস্তবায়নের জন্য অনেক টাকার দরকার। বন্ধুদের সঙ্গে আড্ডায় আপনিই হবেন মধ্যমণি। নতুন কোনো মানুষের সঙ্গে আলাপ হতে পারে, যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন (অথবা অন্তত এক কাপ চা খাওয়াতে পারেন)। রাস্তা পার হওয়ার সময় দর্শন চর্চা করবেন না।

মীন

আজ আপনি ডাঙায় তোলা মাছের মতো একটু অস্থির থাকতে পারেন। চন্দ্র মীন রাশিতে থাকায় আপনি একটু বেশিই কল্পনাপ্রবণ। অফিসে কাজের মাঝেও হয়তো ভাববেন—‘আমি যদি সুপারম্যান হতাম!’ আর্থিক অবস্থা মিশ্র, টাকা আসবে আবার চলেও যাবে। সঙ্গীর নীরবতাকে ভুল বুঝবেন না, তিনি হয়তো স্রেফ ঘুমোচ্ছেন। কল্পনা ছেড়ে বাস্তবে ফেরার চেষ্টা করুন, ডালভাত কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছে।

রমজান মাসজুড়ে পানিশূন্যতামুক্ত থাকতে যা করবেন

জীবনে সফল হতে কি ভোর ৫টায় উঠতেই হবে

ইফতারে শরবত পান করবেন যে কারণে, জেনে নিন কয়েকটি রেসিপি

স্বাস্থ্যকর জীবন চাইলে ঘরবাড়ি পরিষ্কার রাখুন

কিশোর-কিশোরীদের তীক্ষ্ণ বুদ্ধি চান? সমাধান লুকিয়ে আছে গভীর ঘুমে

ফ্লার্ট করা কি নিছকই আকর্ষণ, নাকি অন্য কিছু

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে বলির পাঁঠা হতে পারেন, প্রেমের সাগরে জোয়ার আসবে

সেহরিতে যা খাবেন, যা খাবেন না

বিশ্বের দামি ৫ পারফিউম

আজকের সংসদীয় রাশিফল, কেমন যাবে হবু এমপি-মন্ত্রীদের দিন