হোম > জীবনধারা > সাজসজ্জা

পারলারে যাওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতেই ফুল দিয়ে যেভাবে চুল সাজাতে পারেন

শারমিন কচি 

বসন্তের প্রথম দিন মানেই সেজেগুজে পরিপাটি হয়ে বের হওয়া। শাড়ি হোক বা কুর্তি-কামিজ; চুলে একটু ফুল না গুঁজলে বসন্তের প্রথম দিন জমবে কেন? জেনে নিন পারলারে যাওয়ার ঝামেলা ছাড়া নিজেই যেভাবে চুল সাজাতে পারেন।

খোলা চুলে ফুল

দিন দিন ফুলের গয়না তৈরি ও ফুল দিয়ে চুল সাজানোর ধরনে এসেছে পরিবর্তন। খুব আঁটসাঁট করে চুল বাঁধার চেয়ে খোলা রেখেই যাঁরা ঘুরে বেড়াতে ভালোবাসেন, তাঁরা ফাল্গুনের সাজে মাথায় পরে নিতে পারেন ফুলের মুকুট। চুল পরিপাটি করে আঁচড়ে মাথায় ফুলের মুকুট পরুন। এখন সব ফুলের দোকানেই পাওয়া যায় সেগুলো। জারবেরা, গোলাপ, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল দিয়ে মুকুট বানানো হয়। চাইলে ফুলের দোকানে গিয়ে শাড়ি বা পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে পছন্দের ফুল দিয়ে বানিয়ে নিতে পারেন। মুকুট পরার সুবিধা হচ্ছে শাড়ি, সালোয়ার, কামিজ বা পশ্চিমি পোশাক যা-ই পরুন না কেন, সবকিছুর সঙ্গে মানিয়ে যাবে নিশ্চিত। যাঁরা চুল কেটে ছোট করে রাখতে ভালোবাসেন, তাঁরা খোঁপা বাঁধার আক্ষেপ ছাড়াই চুলে ফুল জড়াতে পারবেন এই বসন্তে।

এ ছাড়া বহুভাবে ফুল দিয়ে সাজানো যায় খোলা চুল। একপাশে সিঁথি কেটে কানের পেছনে ক্লিপ দিয়ে দু-তিনটি ফুল আটকে দিতে পারেন। গোলাপ হলে সাদার সঙ্গে অন্য যেকোনো রং মিলিয়ে চুলে আটকে দিন। তবে শুধু গোলাপই নয়; এখন তরুণীদের খোলা চুলে শোভা পায় জারবেরা, অর্কিড এমনকি বাগানবিলাসও। এ ফুলে মানাবে, তো সে ফুলে মানাবে না—সাজের সেই পুরোনো প্রথা এখন আর নেই। তাই এই রঙের মাসে পছন্দের যেকোনো ফুল দিয়েই সাজিয়ে নিতে পারেন খোলা চুল।

ছবি: আজকের পত্রিকা

বেণি জড়াতে

পয়লা ফাল্গুনের সকালে যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় তাহলে চুলে বেণিও গেঁথে নিতে পারেন। ড্রেপিং স্টাইলে শাড়ির সঙ্গে দারুণ লাগবে বাহারি বেণি। মাঝখানে সিঁথি কেটে দুই পাশের চুল একটু পাফ করে ক্লিপ দিয়ে আটকে নিন। এবার বেণি গেঁথে নিন। বেণির মাঝে মাঝে একটি করে ফুল গুঁজে নিতে পারেন। এ ছাড়া বেণির গোড়ায় জড়িয়ে নিতে পারেন গাজরা বা গাঁদা ফুলের মালা।

খোঁপা বাঁধার পালা

চুল কোঁকড়া হলে মেসি বান করলেই বেশি ভালো লাগে। সিঁথি কেটে বা সিঁথি ছাড়া কাঁধের কাছে পড়ে থাকা মেসি বানে গুঁজে দিতে পারেন পছন্দের ফুল। তবে সারা দিনের জন্য বের হলে একটু টাইট করেই খোঁপা বেঁধে নিলে পরিপাটি থাকবে দীর্ঘক্ষণ। খোঁপায় জড়িয়ে নিতে পারেন ফুলের মালা। আবার কয়েক রঙের জারবেরা কাঁটা দিয়ে গেঁথে দিতে পারেন পুরো খোঁপা।

চুল সাজানোর আগে ও পরে যা করতে হবে

দূষণ ও বাতাসে ধুলার পরিমাণ অনেক বেশি, তাই প্রথমে চুলের পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। সপ্তাহে ‌অন্তত তিন দিন নারকেল তেল হালকা গরম করে মাথার ত্বকসহ পুরো চুলে লাগাতে হবে। এক ঘণ্টা পর ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। এতে চুল মসৃণ ও ঝলমলে থাকবে।

চুলে যদি হেয়ার স্প্রে ব্যবহার করা হয়, তাহলে বাসায় ফিরে প্রথমে হট অয়েল ম্যাসাজ করতে হবে। এরপর আধা ঘণ্টা পর চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে এবং সবশেষে কন্ডিশনার লাগাতে হবে।

লেখক: রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

প্রেম নিবেদনের দিনে কেমন হবে প্রণয়িনীর পোশাক

পুরোনো কাপড় দিয়ে অন্দরসাজ

রোজার আগেই গুছিয়ে ফেলুন রান্নাঘর

উৎসবে শিশুর বাসন্তী পোশাক

নখের ক্যানভাসে স্বপ্নের কারিগর: বেকি হলিস

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ