হোম > ইসলাম

এবার ইউরোপে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের সাফল্য

ইসলাম ডেস্ক 

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে এবার বাংলাদেশের লাল-সবুজ পতাকার গৌরব উড্ডীন করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত ‘হাবিবুল কোরআন ইউকে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কমপিটিশন-২০২৬ ’-এ তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন। হাফেজ সাদের এই কৃতিত্ব বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

যুক্তরাজ্যের বোল্টনে অবস্থিত ঐতিহাসিক জাকারিয়া জামে মসজিদে গত ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ১১০ জন প্রতিযোগীর মধ্যে ‘A2’ গ্রুপে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূর এই সাফল্য ছিনিয়ে আনেন। তাঁর তিলাওয়াত ও সুললিত কণ্ঠ বিচারকমণ্ডলীকে মুগ্ধ করে। ফলাফল ঘোষণার পর আয়োজকদের পক্ষ থেকে তাঁকে বিশেষ সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিশ্বজয়ী এই হাফেজ রাজধানী ঢাকার মিরপুর-১-এ অবস্থিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কোরআন আল-ইসলামী ঢাকা’-এর ছাত্র। এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের জন্য সমাদৃত। এর আগেও এই মাদ্রাসা থেকে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ এবং আনাস মাহফুজ যথাক্রমে সৌদি আরব, দুবাই, ইরান ও তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সাফল্য অর্জন করেছিলেন। হাফেজ সাদ সেই সাফল্যের ধারাকে আরও এক ধাপ এগিয়ে নিলেন।

হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নূরের এই অর্জনে আনন্দ প্রকাশ করে মারকাযু ফয়জিল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাফেজ সাদ নূরের এই সাফল্যে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই অর্জন শুধু সাদ নূরের একার নয়, বরং সমগ্র বাংলাদেশের। আমাদের লক্ষ্য হলো কোরআনের আলোকে এমন দক্ষ ও সুচরিত্রবান শিক্ষার্থী গড়ে তোলা—যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে এবং কোরআনময় বিশ্ব গঠনে কার্যকর ভূমিকা রাখবে।’