হোম > ইসলাম

সুরা ফাজর অর্থসহ বাংলা উচ্চারণ

ইসলাম ডেস্ক 

সুরা ফাজর পবিত্র কোরআনের ৮৯ নম্বর সুরা। ছবি: সংগৃহীত

পবিত্র কোরআনের ৩০তম পারায় অবস্থিত ৮৯ নম্বর সুরা হলো ‘সুরা ফাজর’ (سورة الفجر)। মক্কা নগরীতে অবতীর্ণ ৩০টি আয়াত, ১৩৯টি শব্দ ও ৫৭৩টি বর্ণসমৃদ্ধ এই সুরা নাজিল হওয়ার আদি ধারাক্রম অনুযায়ী দশম সুরা। মক্কায় নাজিল হওয়া অন্য অনেক সুরার মতো এটিও অত্যন্ত সুরময় ও ছন্দসমৃদ্ধ। এই সুরায় মানবজাতির জন্য যেমন রয়েছে বড় বড় সুসংবাদ, তেমনি রয়েছে অবাধ্যদের জন্য কঠোর হুঁশিয়ারি।

সুরা ফাজরের মূল বিষয়বস্তু ও ঐতিহাসিক পটভূমি

সুরা ফাজরের শুরুতে মহান আল্লাহ পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেছেন। এই অভূতপূর্ব শপথগুলো মূলত জালিম ও বলদর্পীদের জন্য খোদায়ি শাস্তির সতর্কবাণী। এরপরই আল্লাহ তাআলা প্রাচীন যুগের পরাক্রমশালী ও খোদাদ্রোহী জাতি—আদ, সামুদ এবং ফেরাউনের অবাধ্যতা ও তাদের ওপর নেমে আসা ধ্বংসের নির্মম পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

সুরাটির মূল বার্তা

দুনিয়াতে মানুষ যা কিছু করছে, তার শাস্তি ও প্রতিদান নিশ্চিত। কেউ যেন ভেবে না নেয় পার পেয়ে যাবে; কারণ, মহান আল্লাহ সর্বাবস্থায় অতন্দ্র প্রহরীর মতো সবার কাজকর্ম পর্যবেক্ষণ করছেন।

নিচে সুরা ফাজরের আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ দেওয়া হলো:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রাহিম।

অর্থ: পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)।

وَالْفَجْرِ (1)

উচ্চারণ: ওয়াল ফাজর।

অর্থ: শপথ ভোরের,

وَلَيَالٍ عَشْرٍ (2)

উচ্চারণ: ওয়া লায়ালিন আশর।

অর্থ: শপথ ১০ রাতের (জিলহজ মাসের প্রথম ১০ রাতের),

وَالشَّفْعِ وَالْوَتْرِ (3)

উচ্চারণ: ওয়াশ শাফয়ি ওয়াল ওয়াতর।

অর্থ: শপথ জোড় ও বিজোড়ের,

وَاللَّيْلِ إِذَا يَسْرِ (4)

উচ্চারণ: ওয়াল্লাইলি ইজা ইয়াসর।

অর্থ: শপথ রাতের, যখন তা গত হতে থাকে,

هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ (5)

উচ্চারণ: হাল ফী জালিকা ক্বাসামুল লিযী হিজর।

অর্থ: এর মধ্যে কি বুদ্ধিমানের জন্য কোনো শপথ আছে?

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ (6)

উচ্চারণ: আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআ-দ।

অর্থ: তুমি কি দেখোনি—তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কেমন আচরণ করেছিলেন?

إِرَمَ ذَاتِ الْعِمَادِ (7)

উচ্চারণ: ইরামাদাতিল ইমা-দ।

অর্থ: বহুতল প্রাসাদের অধিকারী ইরাম গোত্রের সঙ্গে,

الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ (8)

উচ্চারণ: আল্লাতী লাম ইউখলাক্ব মিছলুহা ফিল বিলা-দ।

অর্থ: যাদের সমকক্ষ কোনো জাতি শহরসমূহে সৃজিত হয়নি,

وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ (9)

উচ্চারণ: ওয়া ছামূদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়া-দ।

অর্থ: এবং সামুদ বংশের সঙ্গে—যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল,

وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ (10)

উচ্চারণ: ওয়া ফিরআউনা যিল আওতা-দ।

অর্থ: এবং বহু সেনাদলের অধিপতি ফেরাউনের সঙ্গে,

الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ (11)

উচ্চারণ: আল্লাযীনা তাগাও ফিল বিলা-দ।

অর্থ: যারা দেশসমূহে সীমা লঙ্ঘন করেছিল,

فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ (12)

উচ্চারণ: ফাআকছারূ ফীহাল ফাসা-দ।

অর্থ: অতঃপর, সেখানে তারা বিস্তর বিপর্যয় সৃষ্টি করেছিল।

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ (13)

উচ্চারণ: ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযা-ব।

অর্থ: ফলে তোমার প্রতিপালক তাদের ওপর শাস্তির কশাঘাত বর্ষণ করলেন।

إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ (14)

উচ্চারণ: ইন্না রাব্বাকা লাবিল মিরসা-দ।

অর্থ: নিশ্চয়ই তোমার প্রতিপালক অতন্দ্র প্রহরীর মতো পর্যবেক্ষণ করছেন।

فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15)

উচ্চারণ: ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামানু ওয়া নাআমাহু ফাইয়াক্বূলু রাব্বী আকরামান।

অর্থ: মানুষ তো এমন যে—তার প্রতিপালক যখন তাকে সম্মান ও অনুগ্রহ দান করে তাকে পরীক্ষা করেন, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।’

وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ (16)

উচ্চারণ: ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাক্বাদারা আলাইহি রিযক্বাহু ফাইয়াক্বূলু রাব্বী আহানান।

অর্থ: আর যখন তাকে পরীক্ষা করার জন্য তার রিজিক সংকুচিত করে দেন, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হেয়প্রতিপন্ন করেছেন।’

كَلَّا بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ (17)

উচ্চারণ: কাল্লা বাল্লা তুকরিমূনাল ইয়াতীম।

অর্থ: কখনো না! বরং তোমরা এতিমদের প্রতি সম্মান প্রদর্শন করো না,

وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (18)

উচ্চারণ: ওয়ালা তাহাদদূনা আলা ত্বআ-মিল মিসকীন।

অর্থ: এবং অভাবগ্রস্তদের অন্নদানে একে অপরকে উৎসাহিত করো না,

وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا (19)

উচ্চারণ: ওয়া তাকুলূনা ছুরাছা আকমাল লাম্মা।

অর্থ: এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলো,

وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا (20)

উচ্চারণ: ওয়া তুহিব্বূনাল মা-লা খুব্বান জাম্মা।

অর্থ: আর তোমরা ধন-সম্পদকে অত্যন্ত গভীরভাবে ভালোবাসো।

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا (21)

উচ্চারণ: কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা।

অর্থ: কখনো না, যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হয়ে ধুলিস্যাৎ হয়ে যাবে,

وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا (22)

উচ্চারণ: ওয়া জা-আ রাব্বুকা ওয়াল মালাকু সাফ্ফান সাফ্ফা।

অর্থ: এবং তোমার প্রতিপালক আগমন করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে,

وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى (23)

উচ্চারণ: ওয়া জী-আ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযিঁই ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা।

অর্থ: এবং সেই দিন জাহান্নামকে সামনে আনা হবে; ওই দিন মানুষ বুঝতে পারবে, কিন্তু তখন এই উপলব্ধি তার কী কাজে আসবে?

يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي (24)

উচ্চারণ: ইয়াক্বূলু ইয়া লাইতানী ক্বাদ্দামতু লিহায়াতী।

অর্থ: সে আক্ষেপ করে বলবে, ‘হায়! আমি যদি আমার এই অনন্ত জীবনের জন্য আগে থেকেই কিছু সৎকাজ পাঠাতাম!’

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ (25)

উচ্চারণ: ফাইয়াওমাইযিল লা ইউআযযিবু আযাবাহূ আহাদ।

অর্থ: ফলে, সেই দিন তাঁর (আল্লাহর) শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না।

وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ (26)

উচ্চারণ: ওয়ালা ইয়ূছিক্বু ওয়া ছাক্বাহূ আহাদ।

অর্থ: আর তাঁর বাঁধার মতো শক্ত করে কেউ বাঁধতেও পারবে না।

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27)

উচ্চারণ: ইয়া আইয়্যাতুহান নাফসুল মুতমাইন্নাহ।

অর্থ: (হে ইমানদার!) হে প্রশান্ত আত্মা!

ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً (28)

উচ্চারণ: ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিইয়াহ।

অর্থ: তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে,

فَادْخُلِي فِي عِبَادِي (29)

উচ্চারণ: ফাদখুলী ফী ইবাদী।

অর্থ: অতঃপর আমার (নেক) বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও,

وَادْخُلِي جَنَّتِي (30)

উচ্চারণ: ওয়াদখুলী জান্নাতী।

অর্থ: এবং আমার জান্নাতে প্রবেশ করো।

ফেরাউনের করুণ মৃত্যু হয়েছিল যেভাবে

কোরবানির মাংস কত দিন রাখা যায়

আজকের নামাজের সময়সূচি: ০২ জুন ২০২৬

পাঁচ ওয়াক্ত নামাজের পর করণীয় ৫ আমল

আজকের নামাজের সময়সূচি: ০১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ৩১ মে ২০২৬

কোরবানির মাধ্যমে মুমিন যে ৫টি শিক্ষা পায়

আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬

জুমার নামাজ কত রাকাত, পড়তে হয় কীভাবে

আজকের নামাজের সময়সূচি: ২৯ মে ২০২৬