হোম > ইসলাম

বদর যুদ্ধ যেভাবে ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল

কাউসার লাবীব

ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে, যা হয়ে ওঠে একটি আদর্শের অস্তিত্ব রক্ষার চূড়ান্ত লড়াই। বলছি, আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। সময়টা দ্বিতীয় হিজরির ১৭ রমজান। মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল এক যুগান্তকারী লড়াই। ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র এই যুদ্ধটি ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের অসম সংগ্রাম। পবিত্র কোরআনে এই দিনটিকে অভিহিত করা হয়েছে ইয়াওমুল ফুরকান বা সত্য-মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে।

যেভাবে এই প্রান্তরের নাম হয় বদর

বদর প্রান্তর ডিম্বাকৃতির সুবিশাল এলাকা, যার প্রস্থ প্রায় সাড়ে চার মাইল। স্থানটি ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত বিস্তৃত প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ছিল। মক্কা ও মদিনা থেকে আসা দুটি প্রধান পথ এখানে মিলিত হতো, যা স্থানটিকে বাণিজ্যিক ও সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে। স্থানটির নামকরণ নিয়ে একটি জনপ্রিয় জনশ্রুতি হলো—বদর বিন ইয়াখলাদ নামক এক ব্যক্তি এখানে একটি কূপ খনন করেছিলেন। কূপের পানি ছিল আয়নার মতো স্বচ্ছ, যাতে চাঁদের প্রতিফলন দেখা যেত। আরবি ভাষায় পূর্ণিমাকে ‘বদর’ বলা হয়, সেই থেকেই এই স্থানের নাম হয় বদর।

কেন হয়েছিল বদর যুদ্ধ?

মদিনায় হিজরতের পর মুসলমানরা সেখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেও মক্কার কুরাইশদের ষড়যন্ত্র ও শত্রুতা থামেনি। বদর যুদ্ধের পেছনে বেশ কিছু মৌলিক কারণ ছিল:

১. কুরাইশদের দস্যুবৃত্তি ও ষড়যন্ত্র: মদিনায় ইসলামের ক্রমবর্ধমান সাফল্যে কুরাইশরা ঈর্ষান্বিত ছিল। তারা মদিনার উপকণ্ঠে লুটতরাজ চালিয়ে মুসলমানদের আতঙ্কিত করার চেষ্টা করত।

২. নাখলার খণ্ডযুদ্ধ: ২ হিজরির রজব মাসে আবদুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে একটি ছোট মুসলিম দল নাখলা নামক স্থানে কুরাইশদের একটি কাফেলা আক্রমণ করে। সেখানে আমর বিন আল-হাদরামি নিহত হন, যা মক্কাবাসীদের ক্ষুব্ধ করে।

৩. আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা: সিরিয়া থেকে ফেরার পথে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটি বিশাল বাণিজ্যিক কাফেলা মদিনার পাশ দিয়ে যাচ্ছিল। কুরাইশরা এই বাণিজ্যের অর্থ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের রসদ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছিল।

৪. আবু জাহেলের দম্ভ: যদিও আবু সুফিয়ানের কাফেলা বিকল্প পথে নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল, তবুও আবু জাহেল মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করার দম্ভ নিয়ে এক হাজার সুসজ্জিত সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়।

বদর: এক অসম যুদ্ধের পরিসংখ্যান

বদর যুদ্ধ ছিল সামরিক সরঞ্জামের দিক থেকে সম্পূর্ণ অসম এক লড়াই। একদিকে ছিল অস্ত্রশস্ত্র, লৌহবর্ম ও ঘোড়সওয়ারে সুসজ্জিত কুরাইশদের ১ হাজার সৈন্যের বিশাল বাহিনী, ১০০টি ঘোড়া, ১৭০টি উট। অন্যদিকে, আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছিলেন মাত্র ৩১৩ জন মুসলমান। সঙ্গে ছিল মাত্র ২টি ঘোড়া, ৭০টি উট। কিন্তু যুদ্ধে দেখা গেল কুরাইশদের নিহতের সংখ্যা ৭০ জন আর বন্দীও সমান সংখ্যক। অন্যদিকে মুসলমানদের শহীদের সংখ্যা ১৪ জন। বন্দী হয়নি কেউ।

যেভাবে আসে আল্লাহর সাহায্য ও বিজয়

১৭ রমজান সকালে বদর প্রান্তরে যুদ্ধের দামামা বেজে ওঠে। মহানবী (সা.) কৌশলগতভাবে কুরাইশদের সবচেয়ে নিকটের কুয়ার কাছে শিবির স্থাপন করেন এবং বাকি কূপগুলো বন্ধ করে দেন। এর ফলে মুসলিম বাহিনী পানির দখল পায়, যা কুরাইশদের শারীরিকভাবে দুর্বল করে দেয়।

তৎকালীন রীতি অনুযায়ী প্রথমে শুরু হয় মল্লযুদ্ধ বা দ্বৈত লড়াই। মুসলিম বীর হামজা (রা.), আলী (রা.) ও উবাইদা (রা.) কুরাইশদের শ্রেষ্ঠ তিন যোদ্ধা উতবা, শাইবা ও ওয়ালিদকে পরাজিত ও হত্যা করেন। শুরুতে শীর্ষ নেতাদের মৃত্যু কুরাইশদের মনোবলে বড় আঘাত হানে। এরপর শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। সংখ্যায় কম হলেও মুসলিমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আল্লাহু আকবার ধ্বনি তুলে লড়াই চালিয়ে যান।

যুদ্ধের একপর্যায়ে মহানবী (সা.) আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করেন, ‘হে আল্লাহ, তুমি যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলে তা পূর্ণ করো।’ পবিত্র কোরআনের সুরা আনফালে উল্লেখ আছে যে আল্লাহ সেই দিন আকাশ থেকে এক হাজার ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করেছিলেন। আল্লাহর এই সাহায্য ও মুসলিম বীরদের সাহসিকতার কাছে আবু জাহেলের বিশাল বাহিনী ধূলিসাৎ হয়ে যায়। কিশোর দুই ভাই মুআজ (রা.) ও মুআওয়াজ (রা.) অভিশপ্ত আবু জাহেলকে হত্যা করেন।

বদরের শহীদ ও বীরদের মর্যাদা

বদর যুদ্ধের প্রথম শহীদ ছিলেন মিহজা ইবনে সালিহ (রা.)। তিনি ছিলেন ইয়েমেনের বাসিন্দা। সেখান থেকে তাঁকে দাস হিসেবে নিয়ে আসা হয় মক্কায়। পরে তাঁকে কিনে আজাদ করে দেন ওমর ইবনুল খাত্তাব (রা.)। তিনিসহ ১৪ জন সাহাবি এই যুদ্ধে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধে অংশ নেওয়া ৩১৩ সাহাবির মর্যাদা অতুলনীয়। মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহ বদরি সাহাবিদের ক্ষমা করে দিয়েছেন এবং তাঁদের জান্নাতের সুসংবাদ দান করেছেন।’

বদর যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাব

বদর যুদ্ধের বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না, বরং এর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভাব ছিল অত্যন্ত গভীর। এই বিজয়ের মাধ্যমে মদিনা রাষ্ট্র একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আরবে আত্মপ্রকাশ করে। ইসলাম যে কেবল একটি ধর্ম নয়, বরং একটি সুসংগঠিত রাষ্ট্রশক্তি, তা আরবের গোত্রগুলোর কাছে স্পষ্ট হয়ে যায়।

এ ছাড়া আবু জাহেলসহ কুরাইশদের শীর্ষ নেতাদের মৃত্যুতে মক্কায় নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। কুরাইশদের প্রধান বাণিজ্য পথ অনিরাপদ হয়ে পড়ে, যা মক্কার অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অন্যদিকে, গনিমতের মাল মুসলমানদের অভাব দূর করতে সাহায্য করে। বদর যুদ্ধের বিজয় মুসলমানদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। তারা বুঝতে পারে যে সংখ্যা বা সম্পদে কম হলেও আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে যেকোনো অপশক্তিকে পরাজিত করা সম্ভব।

রমজানের শেষ দশকে যে আমল করতেন নবীজি (সা.)

কুব্বাতুস সাখরা: মুসলিম স্থাপত্যের অমর নিদর্শন

ইতিকাফে বসার আগে যেসব বিষয় জানতে হবে

আজকের নামাজের সময়সূচি: ০৬ মার্চ ২০২৬

ঘুমের আগে ৪ ‘কুল’ পাঠ করলে যে ফজিলত

হুসাইন আহমাদ মাদানি: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী

নবীজির ভালোবাসায় ইহুদি বালকের ইসলাম গ্রহণ

ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যায়

আজকের নামাজের সময়সূচি: ০৫ মার্চ ২০২৬

অন্যকে ক্ষমা করলে আল্লাহ যে প্রতিদান দেবেন