হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্প প্রশাসন ছাড়ছেন আরও এক মন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

শ্যাভেজ–ডিরেমার। ছবি: সংগৃহীত

মার্কিন শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ–ডিরেমার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলতি বছরের মার্চ মাসের পর থেকে ট্রাম্প প্রশাসন ছাড়তে যাওয়া তৃতীয় নারী কর্মকর্তা তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত মার্চে মিনেসোটায় ফেডারেল অভিবাসন অভিযানের পর দুই বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোমকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপর এ মাসের শুরুতে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও সরিয়ে দেন তিনি।

হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর স্টিভেন চিয়াং স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে এক্সে দেওয়া এক পোস্টে জানান, শ্যাভেজ–ডিরেমার মার্কিন শ্রমিকদের সুরক্ষায় ‘অসাধারণ কাজ’ করেছেন এবং তিনি এখন ‘বেসরকারি খাতে একটি পদে’ যোগ দিতে যাচ্ছেন। চিয়াং আরও বলেন, বর্তমান ডেপুটি লেবার সেক্রেটারি কিথ সান্ডারলিং ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর দায়িত্ব নেবেন।

তবে শ্যাভেজ–ডিরেমারের পদত্যাগের কারণ উল্লেখ করেননি চিয়াং। তবে জানুয়ারিতে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়, তিনি এক অধস্তন কর্মীর সঙ্গে ‘অনুপযুক্ত’ সম্পর্ক গড়ার অভিযোগে তদন্তের মুখে ছিলেন এবং কর্মঘণ্টার মধ্যে নিজের দপ্তরে মদ্যপান করতেন। আল জাজিরা এসব অভিযোগ যাচাই করতে পারেনি।

দায়িত্ব নেওয়ার শুরু থেকেই ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অন্য সদস্যদের সঙ্গে শ্যাভেজ-ডিরেমারের কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য ছিল। তিনি শ্রমিক ইউনিয়নপন্থী ‘প্রোটেকটিং দ্য রাইট টু অর্গানাইজেশন অ্যাক্টের (পিআরও অ্যাক্ট) প্রতি সমর্থন জানিয়েছিলেন, যার ফলে ডেমোক্র্যাটদের একটি অংশ তার মনোনয়নে সমর্থন দেয়।

তাঁর নিয়োগে সমর্থন দিয়েছিলেন ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব টিমস্টারসের প্রেসিডেন্ট সিন ও’ব্রায়েন। ২০২৪ সালের জুলাইয়ে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণার পক্ষে প্রকাশ্যে বক্তব্যও দেন তিনি।

তবে শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় শ্যাভেজ-ডিরেমারের অবস্থান ট্রাম্প প্রশাসনের সামগ্রিক নিয়ন্ত্রণবিরোধী নীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে বলে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে। দায়িত্বকালে অ্যাপালাচিয়ান অঞ্চলের কয়লাখনি শ্রমিকদের সিলিকা এক্সপোজার সীমিত করার দাবিতে সাড়া দিতে দেরি করে শ্রম মন্ত্রণালয়, যেখানে ওই শ্রমিকেরা পেশাগত ব্ল্যাক লাং রোগে ভুগছিলেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শ্রম মন্ত্রণালয় ছাড়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালের আগস্টে ট্রাম্প ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের পরিচালক এরিকা ম্যাকএন্টারফারকে বরখাস্ত করেন। তাঁকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ট্রাম্পের ওই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন শ্যাভেজ-ডিরেমার।

ম্যাকএন্টারফারকে অপসারণের পর এক্সে দেওয়া এক পোস্টে ডিরেমার বলেন, ‘আমি প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে সমর্থন করি, যাতে বাইডেনের নিয়োগ দেওয়া কমিশনারকে পরিবর্তন করে নিশ্চিত করা যায় যে, ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস থেকে আসা গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী তথ্যের ওপর আমেরিকান জনগণ আস্থা রাখতে পারে।’

ইরানের সঙ্গে চুক্তি না হলে অবরোধ উঠবে না, যুদ্ধবিরতির মেয়াদও বাড়বে না: ট্রাম্প

মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন জে ডি ভ্যান্স

এফবিআই পরিচালকের মদ্যপান ও ফাঁকিবাজির সংবাদ প্রকাশ, আটলান্টিকের বিরুদ্ধে ২৫ কোটি ডলারের মামলা

ইরানের সঙ্গে আজকেই চুক্তি সই হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ: ট্রাম্পের কৌশলগত ভুল নাকি ঝুঁকিপূর্ণ কূটচাল

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত, ৭টিই হত্যাকারীর সন্তান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

ইরানের সঙ্গে বৈঠকে এবারও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে জে ডি ভ্যান্স

চুক্তি করার এটাই শেষ সুযোগ, না হলে পুরো ইরান উড়িয়ে দেব—ফক্স নিউজকে ট্রাম্প

চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের