হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনি জলপাইচাষিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার হামলার পর ফিলিস্তিনি ও অধিকারকর্মীরা জলপাই সংগ্রহ করছেন। ছবি: দ্য গার্ডিয়ান

অধিকৃত পশ্চিমতীরে বার্ষিক জলপাই সংগ্রহের সময় ফিলিস্তিনি কৃষক ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। আজ শুক্রবার (১৬ অক্টোবর) রামাল্লার কাছে আবু ফালাহসহ বিভিন্ন এলাকায় সংঘটিত এসব হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন। এ সময় ফিলিস্তিনিদের গাড়ি ও জলপাই গাছ পুড়িয়ে দেওয়া এবং কৃষকদের ফসল লুটের ঘটনাও ঘটেছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, আবু ফালাহ এলাকায় অন্তত ছয়জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অন্তত ৮০ জন বসতি স্থাপনকারী আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সেখানে জড়ো হয়ে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দেয়। তারা গুলতি দিয়ে কৃষকদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এ সময় কাছেই ইসরায়েলি সামরিক যান অবস্থান করছিল। আত্মরক্ষায় ফিলিস্তিনিরা পাথর তুললে ইসরায়েলি সেনারা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

হামলার শিকার সাংবাদিক হেইডি লেভিন জানান, বসতি স্থাপনকারীরা তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং একটানা লাথি মারতে থাকে। তাঁর পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে গেছেন বলে মনে করেন তিনি।

ফিলিস্তিনি সহকর্মীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। হামলাকারীরা তাঁর পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও সাংবাদিকতার সরঞ্জাম ছিনিয়ে নেয়। পরে রামাল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি এসব কথা জানান।

ওয়াশিংটন পোস্ট এক বিবৃতিতে জানায়, লেভিনের পোশাকে সাংবাদিক হিসেবে তাঁর পরিচয় স্পষ্টভাবে উল্লেখ ছিল। ইসরায়েলি ফরেন প্রেস অ্যাসোসিয়েশনও সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, বারবার আহ্বান জানানো সত্ত্বেও ইসরায়েলি কর্তৃপক্ষ এসব সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন ইয়েশ দিন জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর থেকে পশ্চিমতীরে বসতি স্থাপনকারীরা অন্তত ১৭০টি হামলা চালিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, গত এক মাসে অন্তত চারজন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার জলপাইগাছ।

এ বছর জলপাই সংগ্রহে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। সামরিক নিয়ন্ত্রণাধীন ‘এরিয়া সি’-তে অনুমতি ছাড়া ফিলিস্তিনিদের প্রায় ৮ হাজার ৮০০ হেক্টর কৃষিজমিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। অথচ ইসরায়েলি নাগরিকদের জন্য নিষেধাজ্ঞার আওতাধীন জমির পরিমাণ কমানো হয়েছে বলে জানিয়েছে পিস নাউ।

জলপাই সংগ্রহ ফিলিস্তিনিদের জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর বহু ফিলিস্তিনির কাজের অনুমতিপত্র বাতিল হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে।

পশ্চিমতীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। জাতিসংঘ ও অধিকাংশ দেশ এসব বসতিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে বিবেচনা করে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, হামলার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধীদের জবাবদিহির আওতায় আনার ঘটনা খুবই বিরল।

মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট জ্বালানি রপ্তানি করছে ইরান

সিরিয়ায় উপকূলীয় হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসাদপন্থীর মৃত্যুদণ্ড

ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছর বয়সী ছেলের গা ছমছম করা চিঠি

মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

হুতিদের সময় দিলে ‘দানবে’ পরিণত হবে, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ

ইরাকের ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবে হামলা করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

নির্বাচনের আগে ইরানে নতুন হামলা চান না নেতানিয়াহু

পাল্টা জবাব হুতিদের, সৌদি আরামকোর ভবনে হামলা-অগ্নিকাণ্ড

ইয়েমেনের সানায় বিস্ফোরণের শব্দ, পাল্টা প্রতিরোধের দাবি হুতিদের