হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান এখনো ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে: আইআরজিসি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এবার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে বাগ্‌যুদ্ধে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক দাবির পরিপ্রেক্ষিতে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তেহরান এখনো নিয়মিত ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে এবং তাদের এই সামরিক সক্ষমতা সম্পূর্ণ অটুট রয়েছে।

আজ শুক্রবার ইরানের রাষ্ট্রায়ত্ত ‘ইরান’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দাবির প্রতিবাদ জানিয়ে নায়িনি বলেছেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতা এখন পূর্ণ পর্যায়ে (স্কোর ২০-এ ২০) রয়েছে। এ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ইরানের শিক্ষাব্যবস্থায় ২০-কে সর্বোচ্চ বা নিখুঁত স্কোর হিসেবে গণ্য করা হয়।

জেনারেল নায়িনি আরও যোগ করেন, ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে তেহরানের কোনো বিশেষ সমস্যা নেই এবং এটি আগের চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ‘ইরান আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে না।’ তিনি বলেন, ‘আমরা জয়ী হচ্ছি এবং ইরান ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে।’ নেতানিয়াহুর এমন দাবির এক দিন পরই তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া এল।

ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পাশাপাশি আইআরজিসির মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত শিগগিরই থামছে না। তিনি বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা হলো শত্রুকে পুরোপুরি ক্লান্ত না করা পর্যন্ত এই লড়াই চলবে। এই যুদ্ধ তখনই শেষ হওয়া উচিত যখন দেশের ওপর থেকে যুদ্ধের কালো মেঘ চিরতরে সরে যাবে।’

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ এবং ইরান-ইসরায়েল সরাসরি সংঘাতের আবহে দুই পক্ষের এই পাল্টাপাল্টি হুংকার ওই অঞ্চলের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল। একদিকে ইসরায়েল যখন ইরানের সক্ষমতা খর্ব করার দাবি করছে, তখন ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।

আয়রন ডোমের তথ্য ইরানে পাচার করেছেন ইসরায়েলি সেনা

কার ইশারায় জাহাজ চলছে হরমুজে, ১৯ দিনে পার হয়েছে ১০০

মধ্যপ্রাচ্যে বিপর্যস্ত মার্কিন ঘাঁটি, তিন দেশে ১৬.৫ বিলিয়নে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি যুক্তরাষ্ট্রের

আইআরজিসি মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

হরমুজ প্রণালি মুক্ত করতে যুদ্ধবিমান–হেলিকপ্টারের যৌথ আক্রমণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরে যুদ্ধের ছায়া, খোলা স্থানে ঈদের জামাত নিষিদ্ধ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পুরো বিশ্বকে রক্ষা’ করছে: নেতানিয়াহু

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

‘আরটির সাংবাদিকদের ওপর ইসরায়েলি হামলা পরিকল্পিত’, কড়া প্রতিক্রিয়া রাশিয়ার

ইরানের আকাশে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১০০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান