হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কির প্রস্তাবের পর কিয়েভে ৩ দিন হামলা বন্ধের নির্দেশ পুতিনের

আজকের পত্রিকা ডেস্ক­

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিন এ ঘোষণা দেয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আজ মধ্যরাত থেকে টানা তিন দিন কিয়েভে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

এই সাময়িক বিরতি এমন সময়ে কার্যকর হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কো সফর করছেন। ক্রেমলিন জানিয়েছে, দুই দূতের সঙ্গে আলোচনার পর তাঁরা রোববার কিয়েভে যাবেন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলেনস্কি রাশিয়ার উদ্দেশে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি বলেন, মার্কিন দূতদের সফর এবং আলোচনার পুরো সময় ইউক্রেন আকাশপথে কোনো হামলা চালাবে না, একইভাবে রাশিয়াকেও কিয়েভে বিমান হামলা বন্ধ রাখতে হবে।

জেলেনস্কি বলেন, ‘আমরা রাশিয়ার জন্য নয়, মার্কিন দূতদের নিরাপত্তার কথা বিবেচনা করছি। আমরা এই সাড়ে চার বছরের যুদ্ধ শেষ করতে বাস্তবসম্মত বিকল্প চাই।’ তিনি আরও বলেন, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসছেন এবং মস্কো তাদের কী জবাব দেয়, সেটাই এখন দেখার বিষয়।’

তবে ওয়াশিংটনের মধ্যস্থতায় শান্তি উদ্যোগ চললেও গত কয়েক মাসে আলোচনায় খুব একটা অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ইরান যুদ্ধে ব্যস্ত থাকায় ইউক্রেন ইস্যুতে কূটনৈতিক গতি কমে গিয়েছিল।

এর মধ্যে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয়েই একে অপরের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। শুক্রবার রুশ ড্রোন হামলায় কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। এর আগে টানা কয়েক দিন রাজধানীতে ভারী হামলা চালায় রাশিয়া।

অন্যদিকে ক্রেমলিন এখনো তাদের আগের অবস্থানেই অনড় রয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনকে তাদের দাবি করা চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে। তবে কিয়েভ এসব শর্ত শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।