হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার শিকার ভারতীয় শিক্ষার্থীরা, নেপথ্যে কী

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে এই হামলার ঘটনা ঘটে। ছবি: এনডিটিভি

রাশিয়ার উফা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার শিকার হয়েছে ভারতীয় শিক্ষার্থীরা। এ ঘটনায় চার ভারতীয় শিক্ষার্থী এবং দুজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। দেশটির বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া দূতাবাসের এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর কয়েক ঘণ্টা আগেই দেশটির স্থানীয় গণমাধ্যমে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের ডরমিটরির স্পোর্টস হলে ছুরি হামলার খবর প্রকাশিত হয়।

ভারতীয় দূতাবাস জানায়, ‘উফায় একটি দুঃখজনক হামলার ঘটনা ঘটেছে। চার ভারতীয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন এতে আহত হয়েছেন। দূতাবাস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং কাজান থেকে কনস্যুলেটের কর্মকর্তারা আহত শিক্ষার্থীদের সহায়তার জন্য উফার পথে রয়েছেন।’

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, ছুরি হাতে এক কিশোর উফার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে একাধিক শিক্ষার্থীকে আঘাত করে।

রাশিয়ার ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্য তিনজনের অবস্থা মাঝারি। হামলাকারীকেও গুরুতর অবস্থায় একটি স্থানীয় শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত ডরমিটরিতে একাধিক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইরিনা ভল্ক সংবাদমাধ্যম আরটিভিআইকে বলেন, ‘হামলাকারীকে আটকের সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে। নিজের শরীরেও আঘাত করে।’

রেন টিভির প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতিতে বলা হয়, ঘটনাস্থলে ‘চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।’

এদিকে স্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই কিশোর হামলার সময় ‘হলোকাস্ট’ নিয়ে জাতীয়তাবাদী স্লোগান দিচ্ছিল।

রুশ টেলিগ্রাম চ্যানেল বাজা জানায়, কিশোর হামলাকারীটি ‘ন্যাশনাল সোশ্যালিজম/হোয়াইট পাওয়ার (এনএস/ডব্লিউপি) ক্রু’ বা ‘স্প্যারোজ ক্রু’ নামে পরিচিত এক সহিংস নব্য-নাৎসি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। সংগঠনটিকে ২০২১ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে। এটি সাংবাদিকদের ওপর বড় হামলার সঙ্গেও যুক্ত ছিল, যার মধ্যে আনা পলিটকোভস্কায়ার ঘটনাও রয়েছে।

চ্যানেলটি ডরমিটরির দেয়ালে আঁকা একটি স্বস্তিকার ছবি প্রকাশ করে দাবি করেছে, এটি ভুক্তভোগীর রক্ত দিয়ে আঁকা হয়েছে।

উল্লেখ্য, বহু ভারতীয় শিক্ষার্থী চিকিৎসাশাস্ত্র পড়ার জন্য রাশিয়ায় যান। ইউক্রেন যুদ্ধ শুরুর আগ পর্যন্ত ইউক্রেনেও বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী পড়াশোনা করতেন।

১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছে রাশিয়া-যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আগামী জুনের মধ্যেই কি শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ

যুক্তরাষ্ট্র-রাশিয়া উচ্চপর্যায়ের সামরিক যোগাযোগ আবার শুরু

মস্কোয় আবাসিক ভবনে শীর্ষ রুশ জেনারেলের ওপর একাধিক গুলি

রাশিয়ার বিপক্ষে যুদ্ধে প্রাণ হারিয়েছে ইউক্রেনের ৫৫ হাজার সেনা: জেলেনস্কি

যুক্তরাষ্ট্র বা অন্য দেশ থেকে ভারতের তেল কেনা নতুন কিছু নয়: রাশিয়া

আদালতে আবেগ সামলাতে পারেননি নরওয়ের হবু রানির ছেলে

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ করতে চায় আর্মেনিয়ার রাজনৈতিক দল

শীতে এক সপ্তাহ বিরতির প্রতিশ্রুতি দিয়েও ইউক্রেনে রাশিয়ার হামলা

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন এপস্টেইন