সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি ভারত সফর করবেন বলে আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সি চিন পিং ব্রিকস সম্মেলনে অংশ নেবেন।
এনডিটিভি তাদের প্রতিবেদনে লিখেছে, এর মধ্য দিয়ে কয়েক দিন ধরে চলা কূটনৈতিক জল্পনার অবসান হলো। এর আগে আজ সকালে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সি চিন পিংয়ের ভারত সফর সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সি চিন পিং সর্বশেষ ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে নরেন্দ্র মোদির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নিতে ভারত সফর করেছিলেন। এরপর ২০২০ সালের গালওয়ান সীমান্ত সংঘর্ষে দুই দেশের সম্পর্কে অবনতি হয়। ওই সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। তবে চীনা হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
এর আগে তিনি ২০১৪ সালে রাষ্ট্রীয় সফরে এবং ২০১৬ সালে গোয়ায় ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে এসেছিলেন।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। গত বছর মোদির চীন সফরের পর ভারত ২০২০ সালের পর আরোপিত কিছু বিনিয়োগ নিষেধাজ্ঞা শিথিল করে, বিশেষ করে ইলেকট্রনিকস, মূলধনী যন্ত্রপাতি ও সৌর সেল খাতে।
চীনা শুল্ক তথ্য অনুযায়ী, গত বছর ভারত-চীন দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড ১৫৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়। এক দশক আগে এই বাণিজ্যের পরিমাণ ছিল ৭১ দশমিক ৬ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম সাত মাসে একই সময়ের তুলনায় দুই দেশের বাণিজ্য আরও ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।