হোম > বিশ্ব > এশিয়া

নেপাল-চীনে বন্যা ও ভূমিধসে নিহত ছাড়াল ১ হাজার, নিখোঁজ ৪৪৬২

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখনো ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের হিসাবে, তিব্বতে নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন। ফলে দুই দেশে মোট নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬২ জনে।

নেপালের প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৮১৪ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যাকবলিত বিদুর এলাকায় একটি বাড়ি থেকে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, সেখানে এখনো আরও মরদেহ কাদার নিচে চাপা পড়ে থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় আবারও তল্লাশি চালানোর কথা রয়েছে।

উদ্ধারকারীরা একই সঙ্গে নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের সন্ধান করছেন। প্রায় ৯০০ কর্মী নিখোঁজ রয়েছেন। ভোতে কোশি নদীর কাছে রাসুওয়াগাধি জলবিদ্যুৎ প্রকল্পে নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে প্রকৌশলীদের একটি দল তল্লাশি চালিয়ে সেখানে কোনো মানুষের সন্ধান পায়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ও জানিয়েছে, সুড়ঙ্গগুলোতে মানুষের উপস্থিতির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সোমবার নেপালের সামরিক বাহিনী আকাশপথে ১০৯ জনকে উদ্ধার করে। দুর্গম এলাকাগুলোতে সড়ক যোগাযোগ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হেলিকপ্টার ও উড়োজাহাজের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

এদিকে বন্যার পানির উচ্চতা বাড়তে থাকায় একটি প্রভাব-সৃষ্ট গর্তের চারপাশের হিমবাহ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে। এতে নতুন করে বড় ধরনের পানির স্রোত নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে নেপাল পুলিশ তাদের স্বজনদের ডিএনএ নমুনা জমা দিতে বলেছে। নিখোঁজ ব্যক্তিকে সর্বশেষ কখন ও কোথায় দেখা গিয়েছিল, সেই তথ্যও দিতে বলা হয়েছে। নেপালের বাইরে থাকা স্বজনদের নিজ নিজ দেশে ডিএনএ পরীক্ষা করিয়ে ফলাফল নেপাল পুলিশকে ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপালে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। মার্কিন নাগরিকদের ধুনচের উত্তরের এলাকাগুলোতে অপ্রয়োজনীয় ভ্রমণ স্থগিত রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: