হোম > স্বাস্থ্য

কৈশোর স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির তাগিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বারিধারার বৃহস্পতিবার সিরাক-বাংলাদেশ আয়োজিত কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেল বিষয়ক জাতীয় পর্যায়ে মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

কিশোর-কিশোরীদের জন্য সহজলভ্য, অন্তর্ভুক্তিমূলক ও যুববান্ধব স্বাস্থ্যসেবা, বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেলকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় প্রাতিষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ জন্য সুস্পষ্ট বাস্তবায়ন কাঠামো, দায়িত্ব ও কার্যপরিধি, নীতিগত অনুমোদন, প্রশিক্ষণ প্যাকেজ এবং প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য খাতের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারার একটি হোটেলে সিরাক-বাংলাদেশ আয়োজিত কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেল প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় এসব সুপারিশ উঠে আসে।

সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাইমারি হেলথ কেয়ার (পিএইচসি) ও আইটিএইচসি বিভাগের পরিচালক এবং টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সভাপতি ডা. সৈয়দ কামরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভলান্টিয়ার পিয়ার লিডার (ভিপিএল) মডেল একটি কার্যকর উদ্যোগ। এখন প্রয়োজন নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিত আলোচনা ও কাঠামোবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে এ মডেলকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থায় টেকসইভাবে অন্তর্ভুক্ত করা।

স্বাগত বক্তব্যে সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিদ্যমান জনবল সংকট মোকাবিলায় ভিপিএল মডেল একটি কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী উদ্যোগ। সরকার অনুমোদিত প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা কিশোর-কিশোরীদের প্রাথমিক কাউন্সেলিং, প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য, মানসিক সহায়তা এবং প্রয়োজন হলে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেফারেল প্রদান করেন। ফলে তারা কমিউনিটি ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানে সিরাক-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. নাজমুল হাসান এক উপস্থাপনায় ভিপিএল মডেলের প্রয়োজনীয়তা, কার্যক্রম এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবায় বিদ্যমান ঘাটতির চিত্র তুলে ধরেন।

আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, বিভিন্ন সামাজিক ও পারিবারিক কারণে অনেক কিশোর-কিশোরী সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে যেতে সংকোচ বোধ করে। এ অবস্থায় প্রশিক্ষণপ্রাপ্ত ভলান্টিয়ার পিয়ার লিডাররা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পরামর্শ, তথ্য প্রদান এবং প্রয়োজনীয় রেফারেলের মাধ্যমে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়াতে কার্যকর ভূমিকা রাখছেন।

কর্মকর্তারা জানান, জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশলের সঙ্গে সমন্বয় রেখে উপজেলা ও জেলা পর্যায়ে অ্যাডলসেন্ট ফোকাল বডি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই কাঠামোর সঙ্গে ভিপিএল মডেলকে যুক্ত করে মানসম্মত প্রশিক্ষণ প্যাকেজ, বাস্তবায়ন নির্দেশিকা, পলিসি ব্রিফ এবং আর্থিক বিশ্লেষণের ভিত্তিতে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় এ মডেল সম্প্রসারণের সুপারিশ করা হয়।

অনুষ্ঠানে বরগুনার ভলান্টিয়ার পিয়ার লিডার মো. বনি আমিন মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘তিন দিনের প্রশিক্ষণের মাধ্যমে তারা জাতীয় কৈশোর স্বাস্থ্য কৌশল, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, যোগাযোগ দক্ষতা ও দলগত কাজ সম্পর্কে প্রশিক্ষণ পান। পরে তারা সমবয়সী কিশোর-কিশোরীদের সচেতন করেন, মানসিক সহায়তা দেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে স্বাস্থ্যকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করেন।’

বক্তারা বলেন, ভিপিএল মডেল শুধু স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ায় না; এটি তরুণদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, স্বেচ্ছাসেবী মনোভাব, অ্যাডভোকেসি এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে। পাশাপাশি কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক সহিংসতা, মাদকাসক্তি এবং অন্যান্য সামাজিক ঝুঁকি মোকাবিলায় বিদ্যালয়, পরিবার, কমিউনিটি ও স্বাস্থ্যব্যবস্থার সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিরাক-বাংলাদেশের প্রতিনিধিরা, সাবেক ও বর্তমান ভলান্টিয়ার পিয়ার লিডার এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

হামের উপসর্গে মৃত্যু আরও ২, মোট ৮০৫

প্রতিদিন ৫ কাপ কফি পান কমায় স্ট্রোক-হৃদ্‌রোগের ঝুঁকি, মার্কিন চিকিৎসকদের দাবি

হামে মৃত্যু ৮০০ ছাড়াল

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৯৭

হামের উপসর্গে মৃত্যু আরও ৫, মোট ৭৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

হামের প্রাদুর্ভাব: বিশেষ টিকার দুই মাস পরও কমেনি হাম

আলঝেইমার, স্ট্রোক, বিষণ্নতা প্রতিরোধের শক্তি লুকিয়ে আছে সাউনায়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩