ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ কর্মসূচিতে আজ আকস্মিকভাবে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকায় গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এ সময় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রথমে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলে যান। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ রক্ষা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।
এরপর গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার ও আজিমপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এসব এলাকায় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এলাকার মূল সড়ক ও আশপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতি শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এতে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী মাইকিং ও সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এর আগে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর নিউমার্কেট এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্লিনিং ডে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক।