হোম > পরিবেশ

ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

উপকূলীয় কিছু অঞ্চল ছাড়া সারা দেশেই বৃষ্টি কম হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাব কমে আসার কারণে বৃষ্টি হচ্ছে অল্প সময়ের জন্য। বৃষ্টির পর প্রখর রোদে আবার ভ্যাপসা গরম বাড়ছে। গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনা জেলার কয়রায়। রাজধানী ঢাকায় যা ছিল ৯ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সব অঞ্চলেই তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আজ বুধবার দেশের প্রায় সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলেও গরম কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ দিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায়ও আজ দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৭টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।