হোম > পরিবেশ

পুরুষবিহীন এমন এক জাতের পিঁপড়া মিলল, যাদের সবাই রানি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য ইনডিপেনডেন্ট

জাপানের গবেষকেরা এমন এক বিরল প্রজাতির পিঁপড়া আবিষ্কার করেছেন, যাদের সবাই রানি। দীর্ঘ প্রায় চার দশকের একটি ধারণাকে সত্য প্রমাণ করে নতুন এক গবেষণায় দেখা গেছে, ‘টেমনোথর‍্যাক্স কিনোমুরাই’ (Temnothorax kinomurai) নামক ওই পিঁপড়ার উপনিবেশে কোনো কর্মী পিঁপড়া বা পুরুষ সদস্য নেই। পুরো উপনিবেশই শুধু রানি পিঁপড়া দিয়ে গঠিত।

সাধারণত পিঁপড়ার কলোনিতে প্রজননক্ষম স্ত্রী পিঁপড়া বা রানি, অপ্রজননক্ষম কর্মী স্ত্রী পিঁপড়া এবং মিলনের পর অল্প সময়ের মধ্যে মারা যাওয়া পুরুষ পিঁপড়া থাকে। তবে প্রকৃতিতে কিছু ব্যতিক্রম দেখা যায়—কোথাও কর্মীবিহীন পরজীবী পিঁপড়া, কোথাও আবার পুরুষবিহীন কলোনি। কিন্তু একই সঙ্গে কর্মী ও পুরুষ—দুই পিঁপড়ারই সম্পূর্ণ অনুপস্থিতি এত দিন প্রমাণিত হয়নি।

গবেষকেরা বহু বছর ধরে সন্দেহ করে আসছিলেন, ‘টেমনোথর‍্যাক্স কিনোমুরাই’ উপনিবেশ শুধু রানিই উৎপাদন করে। সাম্প্রতিক গবেষণায় প্রথমবারের মতো এর বৈজ্ঞানিক প্রমাণ মিলেছে। ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘কারেন্ট বায়োলজি’-তে।

এর আগে জানা গিয়েছিল, এই পরজীবী প্রজাতি তাদের ঘনিষ্ঠ আত্মীয় প্রজাতি ‘টেমনোথর‍্যাক্স মাকোরা’–এর কর্মী পিঁপড়াদের প্ররোচিত করে নিজেদের রানিকে হত্যা করতে। পিঁপড়ার সমাজে এমন ঘটনা অত্যন্ত বিরল; কারণ, কর্মী পিঁপড়ারা সারা জীবন রানির সেবা, খাদ্য সংগ্রহ, বাসা রক্ষা ও শাবকদের লালন-পালন করে।

নতুন গবেষণায় দেখা গেছে, আতিথ্য দেওয়া রানিকে সরিয়ে দেওয়ার পর ‘কিনোমুরাই’ পিঁপড়ারা নিষিক্তকরণ ছাড়াই ডিম পাড়ে এবং সেই ডিম থেকে ক্লোন বা জিনগতভাবে অভিন্ন নতুন রানি জন্ম নেয়। গবেষকেরা কিনোমুরাই পিঁপড়াদের ছয়টি কলোনি সংগ্রহ করে পরীক্ষাগারে লালন করেন এবং সেখানে ৪৩টি নতুন রানি জন্ম দিতে সক্ষম হন। নিবিড় পর্যবেক্ষণে সেখানে কোনো পুরুষ পিঁপড়ার অস্তিত্ব পাওয়া যায়নি।

অণুবীক্ষণযন্ত্রে পরীক্ষা করে দেখা যায়, রানিদের মিলন-সংক্রান্ত অঙ্গ ব্যবহৃত হয়নি—অর্থাৎ ডিমগুলো নিষিক্ত হয়নি। তবু সেগুলো পূর্ণাঙ্গ রানিতে পরিণত হয়েছে। একাধিক কলোনি ও জনসংখ্যা পর্যবেক্ষণের পর গবেষকেরা নিশ্চিত হন, প্রজাতিটি সম্পূর্ণরূপে কর্মী ও পুরুষবিহীন।

গবেষকেরা এখন খতিয়ে দেখতে চান, কোন পরিবেশগত বা বিবর্তনীয় পরিস্থিতিতে পিঁপড়ার মতো সামাজিক প্রাণীর উপনিবেশে কর্মী ও পুরুষের বিলুপ্তি ঘটতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর