হোম > পরিবেশ

ঈদের দিনসহ আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনের মধ্যে পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবহাওয়াবিদদের পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের সিনেপটিক অবস্থা বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ঈদুল আজহার দিনসহ (২৮ মে) আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিপাতের পূর্বাভাস: কোন দিন কেমন থাকবে?

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম-বেশি বজায় থাকবে:

প্রথম দিন (২৬ মে): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

দ্বিতীয় দিন (২৭ মে): ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তৃতীয় দিন (২৮ মে): বৃষ্টিপাতের আওতা আবার বৃদ্ধি পাবে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

চতুর্থ ও পঞ্চম দিন (২৯ ও ৩০ মে): বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। তবে উত্তর ও পূর্বাঞ্চলের সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ৩০ মে থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৃদু তাপপ্রবাহ

বৃষ্টির পূর্বাভাসের মাঝেই দেশের দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে—খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতিতে, ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৬.৬ ডিগ্রি এবং সাতক্ষীরায় ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও ঢাকার অবস্থা

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ও ময়মনসিংহে:

শ্রীমঙ্গল: ১৩০ মিলিমিটার (সর্বোচ্চ বৃষ্টিপাত)

নেত্রকোনা: ১১৬ মিলিমিটার

সিলেট: ১১১ মিলিমিটার

রাজারহাট (কুড়িগ্রাম): ১০৯ মিলিমিটার

ঢাকা: ৮০ মিলিমিটার

আজ মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ী দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা

ঈদে দেশের উত্তরে ঝরবে বৃষ্টি, দক্ষিণ পুড়বে গরমে

এক দিন মাংস কাটার জন্য নিধন হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ

ঢাকাসহ ১০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

পল্লীমা গ্রীণ স্বর্ণপদক পেলেন নদী গবেষক শেখ রোকন

ঈদের দিন কি নামবে স্বস্তির বৃষ্টি, যা জানা গেল পূর্বাভাসে

১৪ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, রয়েছে কালবৈশাখীর আভাস

চলতি সপ্তাহেও থাকবে ভ্যাপসা গরম, বাড়তে পারে বজ্রবৃষ্টি

আজ ঝড়-বৃষ্টি হবে কিনা জানা গেল পূর্বাভাসে

ঢাকাসহ ১০ জেলা তাপপ্রবাহের কবলে, উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস