মৌসুমি বায়ু বাংলাদেশের বিস্তৃত থাকলেও এর প্রভাবে সারা দেশে বৃষ্টির পরিমাণ কমেছে। মাঝে-মধ্যে এক পশলা বৃষ্টি হয়েও ভ্যাপসা গরমে অস্বস্তির মাত্রা যেন আরও বেড়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরম।
এদিকে উত্তর বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়ার গতকাল বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নাও হতে পারে। এ কারণে বৃষ্টি হলেও গরম খুব একটা কমতে নাও পারে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় অধিদপ্তরের পূর্বাভাস বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কমছে না গরম। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৩ মিনিটে।