অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো এবার নাম লেখাচ্ছেন মঞ্চনাটকে। তাঁর রচিত ও পরিচালিত প্রথম মঞ্চনাটক ‘দ্য পপিনজে ক্যাভালিয়ার’ প্রদর্শিত হতে যাচ্ছে আগামী মার্চে লন্ডনের বিখ্যাত থিয়েটারপাড়া ওয়েস্ট এন্ডে। এ নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা সাশা ব্যারন কোহেন।
সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও সোনিয়া ফ্রিডম্যান প্রোডাকশনস যৌথভাবে এই ঘোষণা দিয়েছে। দ্য পপিনজে ক্যাভালিয়ার নাটকের প্রেক্ষাপট সাজানো হয়েছে ১৮৩০-এর দশকের ইউরোপকে ঘিরে। টারান্টিনোর নিজস্ব সিগনেচার স্টাইল ও তীক্ষ্ণ রসবোধের ছোঁয়া থাকবে পুরো নাটকে।
লন্ডনের ফিনিক্স থিয়েটারে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে নাটকটির প্রিভিউ শুরু হবে এবং ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এর পর্দা উঠবে। ১৩ জুন পর্যন্ত টানা তিন মাস মঞ্চস্থ হবে নাটকটি।
দ্য পপিনজে ক্যাভালিয়ার নাটকের মধ্য দিয়ে ওয়েস্ট এন্ডের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে সাশা ব্যারন কোহেনের। টারান্টিনোর সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি বলেন, ‘কোয়েন্টিন যখন আমাকে ফোন করে, তখনই রাজি হয়ে যাই। আমি ভীষণ আনন্দিত যে ওয়েস্ট এন্ডের মঞ্চে আমাদের দুজনের একসঙ্গে অভিষেক হতে চলেছে।’ অন্যদিকে, টারান্টিনো এক বিবৃতিতে বলেন, ‘ওয়েস্ট এন্ডের দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নাটকটির প্রযোজক টম রথম্যান ও সোনিয়া ফ্রিডম্যান জানান, টারান্টিনোর সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতা। রিহার্সাল রুমে অভিনেতাদের পাশাপাশি অসিযোদ্ধা, অ্যাক্রোব্যাট ও মিউজিশিয়ানদের সঙ্গে টারান্টিনোর কাজের উন্মাদনা দেখে তাঁরা মুগ্ধ। অ্যাকশন কোঅর্ডিনেটর, ফাইট ডিরেক্টর থেকে শুরু করে বিখ্যাত কস্টিউম ডিজাইনাররা যুক্ত হয়েছেন এই বিশাল আয়োজনে।
‘রিজারভয়ার ডগস’, ‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো সাড়া জাগানো সিনেমার নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো ২০১৯ সালের ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর পর আর কোনো সিনেমা পরিচালনা করেননি। তবে তিনি এই সিনেমার সিকুয়েল ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’-এর চিত্রনাট্য লিখেছেন। আগামী নভেম্বরে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ফিঞ্চার। পাশাপাশি নিজের লেখা সিনেমাগুলো উপন্যাসে রূপ দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন টারান্টিনো।