হোম > বিনোদন > টেলিভিশন

নাটকের শুটিংয়ে ফিরে বাবু বললেন, মনে হচ্ছে ঘরে ফিরে এলাম

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ফজলুর রহমান বাবু। ছবি: সংগৃহীত

‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।

গত ফেব্রুয়ারিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফজলুর রহমান বাবু। ওপেন হার্ট সার্জারি করাতে হয় তাঁকে। এরপর অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেতা।

খানিকটা সুস্থ হওয়ার পর যোগ দিয়েছিলেন সিনেমার প্রমোশনে। গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর অভিনীত সিনেমা ‘মাস্তুল’। সেই সিনেমার বিশেষ প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারে দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। এবার ফিরলেন নাটকের শুটিংয়ে। গত শনিবার তিনি শেষ করেছেন লিটু করিম পরিচালিত ‘লোভী মন’ নাটকের শুটিং। এতে তাঁর সহশিল্পী রওনক হাসান, ফারজানা ছবি প্রমুখ। যখন মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা হয়, তখন ব্যস্ত ছিলেন একটি ওভিসির শুটিংয়ে।

শুটিংয়ের ফাঁকেই জানালেন অসুস্থতার পর কাজে ফেরার অনুভূতি। ফজলুর রহমান বাবু বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় করেছি। অসুস্থতার কারণে এবার সেই অভিনয় থেকে দূরে থাকতে হয়েছে। লিটু করিমের লোভী মন দিয়ে নাটকের শুটিংয়ে ফিরলাম। দীর্ঘদিন পর সহশিল্পীদের সঙ্গে দেখা হলো, আড্ডা হলো। এটা খুব ভালো লাগার। সেই চেনা মানুষ, পরিবেশ সব মিলিয়ে এটা তো আমার আরেকটা পরিবার। মনে হলো ঘরে ফিরে এলাম।’

শারীরিক অবস্থার খবর জানতে চাইলে ফজলুর রহমান বাবু বললেন, ‘এখন ভালো আছি। তবে শুটিংয়ে ফিরে পূর্ণ সুস্থতা অনুভব করলাম। অসুস্থতার পর ছোট কিছু কাজ করলেও নাটকের শুটিং করা হয়নি। এবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হলো, এখন আমি পুরোপুরি সুস্থ।’

ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘অসুস্থতার খবর শুনে অনেকে খোঁজখবর নিয়েছেন, চিন্তার মধ্যে ছিলেন। আমার মতো তাঁরাও অপেক্ষায় ছিলেন, কবে আমি শুটিংয়ে ফিরব। সবার কাছে অনেক কৃতজ্ঞতা। দোয়া চাই, যেন সুস্থ থাকতে পারি। নিয়মিত কাজ করে যেতে পারি।’