হোম > বিনোদন > টেলিভিশন

বিতর্কে নিলয়-হিমির ‘প্রথম প্রেমের গল্প’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘প্রথম প্রেমের গল্প’ নাটকে হিমি ও নিলয়। ছবি: সংগৃহীত

১২ অক্টোবর থেকে প্রচার শুরু হয়েছে নিলয় ও হিমি অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রথম প্রেমের গল্প’। প্রথম দুই পর্ব প্রচারের পর নাটকটির বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প, দৃশ্য, এমনকি চরিত্রের পোশাকও হুবহু নকল করা হয়েছে। তবে নকলের অভিযোগ নিয়ে চিন্তিত নন নির্মাতা তানভীর তন্ময়।

আজকের পত্রিকাকে তানভীর তন্ময় বলেন, ‘আমাদের নাটকের শুরুতেই উল্লেখ করা হয়েছে, বিদেশি ড্রামা থেকে অনুপ্রাণিত। কপি গল্প হলেও চেষ্টা করেছি বড় স্কেলে সেই আয়োজন দেখাতে। আরও কয়েকটি পর্বের পর দর্শক বুঝতে পারবেন, এখানে মৌলিক গল্পও আছে। তাই সমালোচনাকে বড় করে দেখছি না।’

তানভীর তন্ময় আরও বলেন, ‘সমালোচনার পাশাপাশি অনেকে ইতিবাচক মন্তব্যও করছেন। এত বড় বাজেটে আমাদের দেশে নাটক হচ্ছে, এর প্রশংসা করছেন তাঁরা। এটা দেখে আরও অনেকে বড় বাজেটে নাটক নির্মাণ করতে সাহস পাবেন। এই সাহস পাইনি বলে প্রথম দিকে কপি গল্পের দিকে গিয়েছি। এর মধ্য দিয়ে আমাদের নিজস্ব গল্পও দেখাব।’

প্রথম প্রেমের গল্প ধারাবাহিকের টাইটেল কার্ডে সব কলাকুশলীকে পরিচয় করিয়ে দিলেও আড়ালে রাখা হয়েছে চিত্রনাট্যকারের নাম। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নাটকের লেখককে পরিচয় করাব যখন আমাদের মৌলিক গল্প শুরু হবে। এখন অনুপ্রাণিত গল্পের প্রচার চলছে। তাই মনে হয়েছে, এখন তাঁর নাম উল্লেখ না করাই ভালো।’

এ বছরের শুরুতে জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত আরেকটি ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। সেই জনপ্রিয়তা তাঁকে নকল গল্পের দিকে টেনেছে কি না জানতে চাইলে নির্মাতা তন্ময় বলেন, ‘ওই নাটক জনপ্রিয় হয়েছে বলে পাকিস্তানি সিরিয়াল থেকে অনুপ্রাণিত হয়েছি, বিষয়টি তেমন নয়। আরও দুই বছর আগে ধারাবাহিকের পরিকল্পনা করেছিলাম। সে সময় নিলয় ভাই একক নাটক নিয়ে ব্যস্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিরিজ জনপ্রিয়তা পাওয়ায় উনিও আগ্রহী হয়েছেন। আমারও মনে হয়েছে, এখন সিরিজ নির্মাণের ভালো সময়।’

প্রথম প্রেমের গল্প ধারাবাহিকে আরও অভিনয় করছেন ফারিন খান, আলী রাজ, সুজাতা, ফারজানা চুমকি, জাহিদ হোসেন শোভন প্রমুখ। প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ধারাবাহিকটির নতুন পর্ব।

ধারাবাহিকে ফিরলেন রিচি সোলায়মান

প্রথমবার মঞ্চনাটকে কোয়েন্টিন টারান্টিনো

আজিজুল হাকিমের ৫০ বছরের অভিনয়জীবন নিয়ে আসছে বই

সাত মাস পর শুটিংয়ে ফিরলেন আলভী

ধারাবাহিক নাটকে ফিরছেন হিমি

দুই মাসের ব্যস্ততা শেষে আবারও যুক্তরাষ্ট্রে অপূর্ব

‘আমিনা সুন্দরী’ নাটকের শততম প্রদর্শনী

স্ট্যান্ডআপ কমেডি: কমেডিয়ানদের খোঁজে রিয়েলিটি শো

পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক

তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন