হোম > বিনোদন > গান

প্রকাশ পেল বালামের মিউজিক্যাল ফিল্ম ‘মাওলা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘মাওলা’ গানের ভিডিওতে বালাম। ছবি: সংগৃহীত

রোজার ঈদে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের পঞ্চম একক অ্যালবাম ‘মাওলা’-এর চারটি অডিও গান। ঈদুল আজহা উপলক্ষে এই অ্যালবামের মাওলা গান নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ফিল্ম। গতকাল বালামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই মিউজিক্যাল ফিল্ম।

মাওলা গানের ভিডিও বানিয়েছেন তানিম রহমান অংশু। দৃশ্যধারণ করা হয়েছে নেপালে। এতে একেবারে ভিন্ন লুকে হাজির হয়েছেন বালাম। কাঁধ ছোঁয়া ড্রেডলক চুল, মাথায় ব্যান্ডানা এবং গায়ে সুফি ঘরানার ডার্ক ফিউশন পোশাক, কখনো হাতে গিটার, আবার কখনো পাহাড়ি লাঠিতে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে গাইছেন। সব মিলিয়ে ভিডিওটিতে তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ। ভিডিওতে বালামের সঙ্গে দেখা গেছে তাঁর স্ত্রী সাগুফতা ফারুককে।

‘মাওলা মাওলা মাওলা, তুই পানা দেরে মাওলা’—এমন কথায় গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। সুর ও সংগীতায়োজন করেছেন বালাম। নতুন এই গান প্রকাশ ঘিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কদিন আগে। সেখানে উপস্থিত ছিলেন বালামের পরিবার ও সংগীতাঙ্গনের মানুষেরা। সেই অনুষ্ঠানে বালাম জানান, মাওলা গানটি তৈরি হয়েছিল ছয় বছর আগে, করোনা মহামারির সময়ে।

বালাম বলেন, ‘কোভিড মহামারির সময়ে আমাদের সবাইকে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, মাওলা ছাড়া আমাদের পরিত্রাণের কেউ নেই, এই সময়টাতে ব্যাপারটি বারবার মনে হয়েছে। তাই বারবার তাঁর কাছেই সাহায্য চেয়েছি। সে সময় এক মধ্যরাতে মাওলা গানের প্রথম দুই লাইন মাথায় আসে। এরপর তাতে সুর দিই, সুর করা হলে তা শেয়ার করি গীতিকার রশিদ নিউটনের সঙ্গে। এরপর আস্তে আস্তে পুরো গানটি তৈরি হয় গানটি।’

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘২০২০ সালেই গানটি নিয়ে কাজের পরিকল্পনা ছিল। কিন্তু নানা কারণে হয়ে ওঠেনি। কয়েক সপ্তাহ আগে বালাম ভাই জানালেন, এবার কাজটি করতে চান এবং একটু অন্যরকমভাবে হাজির হতে চান। নেপালে ভয়ংকর ঠান্ডার মধ্যে আমরা শুটিং করেছি। সবাই অনেক কষ্ট করেছে। সেই পরিশ্রমের ফল দর্শকেরা পর্দায় দেখতে পাবেন বলে আশা করছি।’

গানে গানে ঈদ আনন্দ

কোক স্টুডিও বাংলার নতুন সিজন শুরু হচ্ছে আজ

ঈদে ফুয়াদের সংগীতে নুসরাত ফারিয়ার নতুন গান

অস্ট্রেলিয়ায় সম্মানিত ইমরান ও আই কিংস জুলাইয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

শ্রীমঙ্গলকে ঘিরে আসিফ ও রুবাইয়াতের মিউজিক্যাল ফিল্ম

জন্মদিনে সুবিধাবঞ্চিতদের বড় অঙ্কের অনুদান দিলেন আইইউ

কনসার্টে ফিরছে আর্টসেল

বিচারকের আসনে সাবিনা, রিজিয়া ও কনকচাঁপা

১৫ মে কেআইবিতে ৮ ব্যান্ডের রক কনসার্ট

সংগীত: ঈদ উপলক্ষে কনা-অমির ‘আমপাতা জোড়া জোড়া’