উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
বাপ্পা ও বিন্তির ‘কোথায় যেন’
বাপ্পা মজুমদার ও বিন্তির গাওয়া নতুন গান ‘কোথায় যেন’। লিখেছেন শাহান কবন্ধ, সুর ও সংগীত করেছেন বাপ্পা। গানের ভিডিওতে মডেল হয়েছেন পার্থ শেখ ও আইশা খান। বিন্তির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’
দেড় যুগ আগে সোনিয়ার কণ্ঠে প্রকাশিত হয়েছিল ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। জনপ্রিয় এই গানটি রিমেক করেছেন শওকত আলী ইমন। নতুন করে কণ্ঠ দিয়েছেন ইমন, ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও জাকিয়া সুলতানা কর্নিয়া। ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। গানচিল মিউজিক থেকে প্রকাশ পেয়েছে গানটি।
বেঙ্গল সিম্ফনির ‘বাঘের দেশে বৈশাখ’
পটুয়া টাইগার নাজিরের পটের গান থেকে অনুপ্রাণিত হয়ে নতুন গান নিয়ে এসেছে সংগীতশিল্পী ইমন চৌধুরীর গানের দল বেঙ্গল সিম্ফনি। ‘বাঘের দেশে বৈশাখ’ শিরোনামের গানটি লিখেছেন রোহিত সাধুখান। বেঙ্গল সিম্ফনির সদস্যদের সঙ্গে গানটিতে অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন আলেয়া বেগম।
জয়ের সুরে মাহতিম
মাহতিম শাকিবের নতুন গান ‘আকাশ আমার ঘর’। তানবীর সাজিবের লেখা এ গানে সুর দিয়েছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে আজ প্রকাশ পাবে গানটি। এ ছাড়া শোনা যাবে বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
সালমান ও মেখলার ‘অপেক্ষা দিলে নিও’
রিভাইব রেকর্ডসের ব্যানারে বাংলা নববর্ষ উপলক্ষে আজ প্রকাশ পাচ্ছে সালমান জাইম ও মেখলা দাশগুপ্তর দ্বৈতকণ্ঠের গান ‘অপেক্ষা দিলে নিও’। গানের কথা লিখেছেন গালিব সর্দার, সুর করেছেন এহসান রাহী। সংগীত আয়োজন করেছেন সব্যসাচী রনি। ভিডিও বানিয়েছে রাহী আব্দুল্লাহ অ্যান্ড টিম। মডেল হয়েছেন মুকিত ও লাবণ্য।
সোহানার ‘বাবুজি’
সোহানা ইসলামের নতুন গান ‘বাবুজি’। সংগীত করেছেন এন এ ফরহাদ। ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়া অনন্যা। প্রকাশ করা হয়েছে এফ কে মিউজিক ভিডিও স্টেশনের ইউটিউব চ্যানেলে।
শম্পার ‘চল বৈশাখী মেলায়’
এস কে সমীরের সুর ও সংগীত পরিচালনায় শম্পা দেওয়ানের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘চল বৈশাখী মেলায়’। গানটি লিখেছেন নূরে আলম মামুন। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আলিফ ও নুসরাত জাহান ফাতেমা। আর্টবক্স মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি।
মেরির ‘আগুন’
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী মেরিন মেরি। ‘আগুন’ শিরোনামের গানটি লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন সজীব দাস।
শেনিজ ও ফাহাদের ‘কান পেতে শোন’
নাভেদ পারভেজ ইউটিউবসহ বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে আগামীকাল প্রকাশ করা হবে তানিশা ইসলাম শেনিজ ও ফাহাদ আজিজের দ্বৈতকণ্ঠের গান ‘কান পেতে শোন’। শিমুল এসবির কথায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। ভিডিও নির্মাণ করেছেন সায়ান আরজু নন্দী।