দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কিশোরী অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অবলম্বনে মেড থেটার ২০২১ সালে মঞ্চে আনে নাটক ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দলের তৃতীয় প্রযোজনা। দুই বছর আগে সর্বশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল অ্যানা ফ্রাঙ্ক, নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে অ্যানা ফ্রাঙ্ক নাটকের দুটি প্রদর্শনী।
অ্যানা ফ্রাঙ্ক নাটকটি লিখেছেন আসাদুল ইসলাম, নির্দেশনায় আনিসুল হক বরুণ। নাটকের গল্পে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে। অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার কথা। বন্দিজীবনের ৭৬১তম দিনে হিটলারের বাহিনী সিক্রেট অ্যানেক্সের বাসিন্দাদের ধরে নিয়ে যায়। ঠান্ডা আর শ্বাসকষ্টে বন্দিশিবিরে মৃত্যু হয় অ্যানার।
নাটকটিতে অ্যানা ফ্রাঙ্ক চরিত্রে একক অভিনয় করেছেন আর্য মেঘদূত। ২০২১ সালে উদ্বোধনী মঞ্চায়নের সময় দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। দেশের মঞ্চের পাশাপাশি নাটকটি নিয়ে ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করেছেন তিনি। ২০২৪ সালে সর্বশেষ অ্যানা ফ্রাঙ্ক হয়ে মঞ্চে উঠেছিলেন আর্য মেঘদূত। ওই বছর তিনি যুক্তরাজ্যে পড়তে যাওয়ার পর থেকে বন্ধ ছিল নাটকটির প্রদর্শনী।