হোম > বিনোদন > সিনেমা

লাইভ কাণ্ডে চ্যানেল কর্তৃপক্ষকে দুষলেন সাদিয়া আয়মান

মাঝরাতে লাইভে এসে ভয় দেখাতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গত সোমবার দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে হঠাৎ লাইভে আসেন তিনি। চোখমুখে আতঙ্কের ছাপ নিয়ে জানান, কয়েকদিন ধরে ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে তাঁর। এক অশরীরি পিছু নিয়েছে। যেখানেই যাচ্ছেন, কালো পোশাকে ঢাকা এক ব্যক্তি অনুসরণ করছে তাঁকে।

এমনকি, নিজের ফ্ল্যাটের বেলকনিতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই ‘ভূত’কেও লাইভে দেখান সাদিয়া। তাঁর লাইভ শেষ হতেই ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুশ্চিন্তায় একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন ভক্তরা।

সবাই ধারণা করে নেন, সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। এর কিছুক্ষণ পর ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আয়মান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। জানা যায়, ভৌতিক গল্পের এ কনটেন্টের প্রচারের জন্য এত কিছু করেছেন অভিনেত্রী!

এ তথ্য জানার পর অনেকেই সাদিয়ার সমালোচনা শুরু করেন। সিনেমার প্রচারের জন্য এ ধরনের বিভ্রান্তি ছড়ানো কতটা নৈতিক, সে প্রশ্নও তোলেন অনেকে। সমালোচনার মুখে নিজের ফেসবুক পেজ ডিঅ্যাকটিভ করে রাখেন অভিনেত্রী। অবশেষে, আজ দুপুরে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিস্কার করলেন তিনি।

এ স্ট্যাটাসে সাদিয়া আঙুল তুলেছেন ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে কর্তৃপক্ষের দিকে। জানিয়েছেন, লাইভটি করতে সায় ছিল না তাঁর। চ্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে এমনটি করতে বাধ্য হয়েছেন।

সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুদিন আগে আমার এই অফিসিয়াল পেজে একটি কনটেন্ট প্রমোশনের লাইভ নিয়ে আমার ওপরে একটু রাগ বা অভিমান হয়েছে বুঝতে পারছি। সত্যিকার অর্থে, লাইভ শেষ হওয়ার পর আমার নিজেরও মনে হয়েছে, আরেকটু সতর্ক হয়ে এবং ভিন্নভাবে প্রমোশনটি করা যেত।’

চ্যানেল কর্তৃপক্ষকে দোষ দিয়ে সাদিয়া আরও লিখেছেন, ‘এই হরর জনরার কনটেন্ট প্রোমোট করার জন্য লাইভে আসার আইডিয়াটা প্রথমে শোনার পর চ্যানেল কর্তৃপক্ষকে আমি শুরুতে না করলেও, এই চ্যানেল একই ধরনের প্রমোশন এর আগেও করেছে এবং অনেক স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে এই ক্যাম্পেইন ডিজাইন করেছে বলার পর আমি লাইভে এসে পারফর্ম করি। তবে ১০ মিনিটের এই লাইভ শেষ হতে না হতেই বুঝতে পারি, আমার পরিবার, কাছের মানুষেরা আর আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তাগ্রস্ত করে দিয়েছি।’

লাইভ কাণ্ডে দর্শকদের কাছে ক্ষমা না চাইলেও সাদিয়া জানিয়েছেন, ভবিষ্যতে এসব বিষয়ে সচেতন থাকবেন তিনি। লিখেছেন, ‘কমেন্ট আর শেয়ারে আমার প্রতি আপনাদের দুশ্চিন্তা এবং ভালবাসার এই প্রকাশ আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এ রকম স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল থাকব।’

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’